রাজনৈতিক অস্থিরতায় বাজেট বাস্তবায়ন কঠিন হবে
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ২২:৫৬
আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব বলে মত দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তবে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলে এ বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে বলেও মনে করে সংগঠনটি। বৃহস্পতিবার বাজেটের ওপর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন এ মতামত দিয়েছেন।
তিনি বলেন, প্রস্তাবিত ঋণের চেয়ে অধিক ঋণ নিলে বেসরকারি খাতের ঋণ প্রাপ্তি বাধাগ্রস্ত হবে। ব্যাংক সুদের হার কমানো উচিত বলেও তিনি মন্তব্য করেন। তবে টার্নওভার কর বিদ্যমান ৭০ লাখ টাকা থেকে ৮০ লাখ টাকা করা, ব্যবসায়ী পর্যায়ে প্যাকেজ ভ্যাট অব্যাহত রাখা, যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমানো, মধ্যবর্তী কাঁচামালের শুল্ক কমানো, কর অবকাশ ও করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাবকে ইতিবাচক হিসাবে দেখছে এফবিসিসিআই। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাজেটের ওপর তাদের প্রতিক্রিয়া জানাবে।