যুক্তরাষ্ট্রে ৪ জনকে হত্যার পর পুলিশের গুলিতে যুবক নিহত

যুক্তরাষ্ট্রে চারজনকে খুনের পর উন্মত্ত এক বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া রাজ্যের সান্তা মনিকা শহরে শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। শহরের পুলিশ কর্মকর্তা রিচার্ড লুইস জানিয়েছেন, বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে আনুমানিক ২০ বছর বয়সি এক যুবক একটি বাড়িতে দু’জনকে খুনের পর স্থানীয় কলেজে ঢুকে হত্যা করে আরো দু’জনকে। বাড়িতে নিহত দু’জন ওই যুবকের বাবা ও ভাই বলে জানিয়েছে লস এঞ্জেলেস টাইমস। রাইফেলধারী ওই যুবককে পরে স্থানীয় কলেজের গ্রন্থাগারে মৃত অবস্থায় পাওয়া যায়। সান্তা মনিকায় এই ঘটনা ঘটার সময় কাছের শহরেই তহবিল সংগ্রহের অভিযানে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হত্যাকাণ্ডে ওই যুবককে প্ররোচিত করার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ, যার পোশাকে লেখা রয়েছে ‘জীবন এক জুয়া’। গুলিতে আহত আরো কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া একজনের অস্ত্রোপচার এবং আরো তিনজনকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।