শিল্পকলায় ক্লাস চলে আকাশের নিচে, বেদখলে ভবন ও জমি
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুন ২০১৩, ২১:৪২
সরকারী ও স্থানীয়ভাবে তদারকি এবং পৃষ্ঠপোষকতার অভাবে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শিল্পকলা একাডেমির কার্যক্রম এখন মুখ থুবড়ে পড়েছে। পৃষ্ঠপোষকতার অভাবে এ প্রজন্মের শিল্পীরা নৃত্য ও গানের তালিম নিচ্ছে খোলা আকাশের নিচে অথবা উপজেলা প্রশাসনের চত্বরের অফিসার্স ক্লাবের বারান্দায়। গত দুই যুগ ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মির্জাপুর উপজেলার শিল্পকলা একাডেমির কার্যক্রম। শিল্পকলা একাডেমি পরিচালনায় সরকারিভাবে একটি কমিটি থাকলেও তা কাগজে-কলমের মধ্যেই সীমাবদ্ধ। শিল্পকলা একাডেমির নামে বরাদ্দকৃত সরকারি জমি বেদখল এবং শিল্পকলা একাডেমির ভবন ভেঙ্গে গড়ে তোলা হয়েছে পৌর ভবন। প্রায় কয়েক কোটি টাকার সরকারি জমি হাতছাড়া হয়ে গেছে বলে এলাকার লোকজন অভিযোগ করেন। অনুসন্ধানে জানা গেছে, ‘৭০ এর দশকে উপজেলা কমপ্লেক্সের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বাইমহাটির বিশাল এলাকায় সরকারিভাবে শিল্পকলা একাডেমির পাকা ভবন নির্মাণ করা হয়। প্রায় কুড়ি বছর এখানে শিল্পকলা চর্চা হলেও নানা জটিলতায় শিল্পকলা একাডেমির ভবন পরিত্যক্ত ঘোষিত হয়। আস্তে আস্তে শিল্পকলা একাডেমির জমি চারপাশ থেকে বেদখল হয়ে পড়ে। স্থবির হয়ে পরে শিল্পকলা পরিচর্চার সকল কার্যক্রম। এদিকে বর্তমানে শিল্পকলা একাডেমির নবনির্বাচিত কমিটি কয়েকজন সঙ্গীত শিক্ষক নিয়োগ দিয়েছেন নামেমাত্র সম্মানী ভাতা দিয়ে। এই ভাতাও তারা নিয়মিত পাচ্ছেন না।