উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে গাড়ি চুরির মামলা

ভূঞাপুর উপজেলা পরিষদের গাড়ি চুরি করে নিয়ে ব্যবহার ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে অপসারিত উপজেলা চেয়ারম্যান ও তার ছোট ভাই ফলদা ইউপি চেয়ারম্যানকে প্রধান করে এবং অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি করেন ভূঞাপুর উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান সেলিনা আক্তার। মামলার বিবরণে জানা যায়, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান শামছুল হক তালুকদার উপজেলা পরিষদের রেজুলেশন জালিয়াতির দায়ে গত ২১ মে অপসারিত হন। ৩১ মে অপসারিত উপজেলা চেয়ারম্যান শামছুল হক তালুকদারের নির্দেশে ও তার ছোট ভাই ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদুর সহযোগিতায় অজ্ঞাত ২০-২৫ জন লোক বেআইনিভাবে চালককে ভয়ভীতি দেখিয়ে উপজেলা পরিষদের গ্যারেজ থেকে গাড়ি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আদালত ভূঞাপুর থানা পুলিশকে অভিযোগটি এফ আই আর হিসেবে গ্রহণের নির্দেশ দেয়। শুক্রবার ভূঞাপুর থানা পুলিশ এফ আই আর গ্রহণ করে নিয়মিত মামলা দায়ের করে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু ওবায়েদ মামলার বিষয়টি নিশ্চিত করেছে।