মৃত্যুর পর পদোন্নতি

মৃত্যুর ১ বছর ৪ মাস পর পদোন্নতি পেলেন গোপালগঞ্জ সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রভাষক শামিমা পারভিন। বিষয়টি নিয়ে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। বিগত ২০১২ সালের ২২ জানুয়ারি ওই কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক শামিমা পারভিন মৃত্যু বরন করেন। মৃত্যুর ১ বছর ৪ মাস পর তাকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়ে কাশিয়ানী উপজেলার সরকারি এস.কে কলেজে পদায়ন করা হয়েছে। শিক্ষামন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানাগেছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ১০৫৬ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়। গত ১৩ মে প্রেরিত প্রজ্ঞাপনে গোপালগঞ্জ সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রভাষক মৃত শামিমা পারভিনের নাম রয়েছে। কলেজের অধ্যক্ষ নিলয় কান্তি বিশ্বাস জানান, প্রভাষক শামিমা পারভিনের মৃত্যুর খবরটি যথা সময়ে শিক্ষা অধিদপ্তরে ডিজি অফিসকে অবহিত করা হয়েছিল।