মান্দার এক কিমি রাস্তায় তিন সাঁকো
প্রকাশ : ০৮ জুন ২০১৩, ২১:৪৬
এক কিলোমিটার কাঁচা রাস্তায় তিন তিনটি বাঁশের সাঁকো। সাঁকোর একপাড়ে রয়েছে বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ফতেপুর বাজার। অপরপারে ১৫ গ্রামে বাস করে প্রায় ২০ হাজার মানুষ। সপ্তাহে দু’দিন হাটবাজার ছাড়াও ব্যবসা-বাণিজ্যের জন্য প্রতিদনিই আসতে হয় তাদের ফতেপুরের হাট-বাজারে।
ভাঙ্গাচোরা কাঁচা রাস্তায় বাঁশের সাঁকো মাড়িয়ে কোন রকমে পায়ে চলার কাজ চললেও সাধারণভাবেই অসম্ভব হয়ে পড়ে তাদের পণ্য পরিবহনের কাজ। অবর্ণনীয় জনদুর্ভোগের এ রাস্তাটি নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নহলাকালুপাড়া গ্রামে অবস্থিত।
প্রকাশ আত্রাই উপজেলা সদরগামী পাকা সড়ক থেকে কাঁচা রাস্তাটি মান্দা উপজেলার জোকাহাট অভিমুখী। রাস্তাটির অপরপ্রান্ত জোকাহাট এলাকায় কিছুটা পাকাকরণ হলেও গুরুত্বপূর্ণ ফতেপুরহাট এলাকার ৩ কিলোমিটার কাঁচা ও তা দশায় বেহাল। বন্যাকবলিত ভাঙ্গনে গ্রামের এ রাস্তার পৃথক তিনটি স্থানে গভীর খাড়ির সৃষ্টি হওয়ায় তা মানুষের চলাচলে চরম প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। খাড়িগুলোর দু’টিতে ফুটব্রিজ নির্মাণ করা হয়েছিল। কিন্তু ২০১০ সালে ফকিরনি নদীর উত্তর তীরের বাঁধভাঙ্গা পানির তোড়ে প্রায় দেড়শ’ বাড়িঘরসহ ব্রিজ দু’টি নিশ্চিহ্ন হয়ে গেছে। অতপর তিন তিনটি বাঁশের সাঁকোই বর্তমানে গ্রামবাসী ও সড়কগামীদের একমাত্র ভরসা।
এলাকাবাসী মনে করেন তিনটি ফুটব্রিজ নির্মাণ ও তিন কিলোমিটার সড়ক পাকা করা হলে তাদের জীবনমানসহ জীবিকার উন্নয়নে তা হবে অর্থবহ একটি কাজ।