আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই যত অপপ্রচার

আওয়ামী লীগ ও ১৪ দল সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী, সিলেট সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কেউ কেউ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে তারা আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য নানা কল্পকাহিনী রচনা করছেন। কিন্তু এসব অপপ্রচার চালিয়ে নগরবাসীকে বিভ্রান্ত করা যাবে না। আমি এই নগরীতেই বড় হয়েছি। নগরীর সকল মানুষের সঙ্গে আমার আন্তরিক সমপর্ক রয়েছে। নগরবাসী আমাকে ভালো করেই চিনেন। আমার বিশ্বাস অতীতের মতো এবারও আমি নগরবাসীর সমর্থন ও সহযোগিতা পাবো। শুক্রবার সিলেট নগরীর দর্জিবন্দ, দর্জিপাড়া, রায়নগর, জল্লারপার ও মধুশহীদ এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। কামরান বলেন নির্বাচন সামনে রেখে কেউ কেউ মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু তাদের ধারণা নেই যে মানুষ এখন শিক্ষিত ও সচেতন। মিথ্যা বলে তাদেরকে বিভ্রান্ত করা কিংবা সহানুভূতি আদায় করা সম্ভব নয়। তিনি বলেন কেউ কেউ দাবি করছেন সিলেট সিটি কর্পোরেশনে বাস্তবায়নাধীন পানি শোধনাগার প্রকল্প নাকি চার দলীয় জোট সরকারের সময় গ্রহণ করা হয়েছিলো। তত্কালীন অর্থমন্ত্রী নাকি অর্থও বরাদ্দ দিয়েছিলেন। আমি অবাক হয়ে যাই তাদের এসব অসংলগ্ন দাবি দেখে। কারণ বর্তমানে পানি শোধনাগার স্থাপনের যে কাজ চলছে সেই প্রকল্প অনুমোদিত হয়েছিলো ২০০৯ সালে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ঐকান্তিক প্রচেষ্টায় ৫ নভেম্বর বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে সিলেট-বরিশাল পানি সরবরাহ প্রকল্প অনুমোদিত হয়েছিলো। এই প্রকল্পের অধীনে ১১০ কোটি টাকা ব্যয়ে সিলেট সিটি কর্পোরেশনে ১৪টি উত্পাদক নলকূপ স্থাপন করা হয়েছে। নগরীর কুইটুক এলাকায় একটি পানি শোধনাগারের নির্মাণ কাজ চলছে। গণসংযোগকালে বদর উদ্দিন আহমদ কামরানের সঙ্গে ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সিরাজ বক্স, অধ্যাপক জাকির হোসেন, নুরুল ইসলাম পুতুল, তপন মিত্র, জাবেদ সিরাজ, মন্টু মল্লিক, সৈয়দ আহমদ শিব্বির প্রমুখ। ‘উন্নয়ন অব্যাহত রাখতে কামরানকে বিজয়ী করুন’ আওয়ামী লীগের দুই বর্ষীয়ান নেতা, দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমদ সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন। গত শুক্রবার তারা সিলেট পৌঁছে সন্ধ্যায় নগরীর কাজিটুলায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন। এই দুই তুখোড় নেতা তাদের বক্তব্যে বলেন, বদর উদ্দিন আহমদ কামরান শুধু সিলেটবাসীর প্রিয় নেতা নন, তিনি সারা দেশেই অত্যন্ত জনপ্রিয়। কারণ তিনি একজন ভালো মানুষ, সত্ ও সদালাপী। কামরান কখনো সন্ত্রাসকে প্রশ্রয় দেন না। দীর্ঘদিন তিনি দলমতের উর্ধ্বে থেকে প্রথমে সিলেট পৌরসভা ও পরবর্তীতে সিটি কর্পোরেশনকে পরিচালনা করেছেন। তার কাছে ধনী-গরীব সকলেই সমান। তাই শান্তির জনপদ সিলেটের চলমান উন্নয়ন ধারা এবং ঐতিহ্য রক্ষা করতে আসন্ন নির্বাচনে আবারো কামরানকে বিজয়ী করতে হবে। কাজীটুলা দিঘীরপাড়ে আয়োজিত পথসভায় আরো বক্তব্য রাখেন মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, সৈয়দা জেবুন্নেছা হক এমপি প্রমুখ। সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেন, সিলেটের শান্তিপ্রিয় মানুষ মেয়র হিসেবে কামরানকেই বেছে নেবেন। কারণ কামরানের প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থীকে সিলেটের সকলেই চেনেন। নিশ্চয়ই সিলেটবাসী এই নগরীকে সন্ত্রাসের জনপদে পরিণত করতে চাইবেন না।