যোগ্যতা ও সক্ষমতা দিয়ে দেশ সেবায় নিবেদিত হোন : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, বর্তমানে পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণ হচ্ছে। নতুন প্রজন্মের মেধাবী কর্মকর্তারা পুলিশ সার্ভিসে যোগ দিচ্ছেন। এটি অবশ্যই একটি ইতিবাচক দিক। তিনি বলেন, পুলিশের যোগ্যতা এবং সক্ষমতাকে কাজে লাগিয়ে পুলিশ সদস্যদের দেশ সেবায় নিবেদিত হতে হবে। শনিবার রাজধানীর ইস্কাটনে পুলিশ অফিসার্স মেসের নবনির্মিত ভবনের উদ্বোধন করে এসব কথা বলেন পুলিশ প্রধান। বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসের সভাপতিও পুলিশ প্রধান। অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ. কে. এম. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসবি প্রধান জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (অর্থ ও বাজেট) আমির উদ্দীন, মইনুর রহমান চৌধুরী, এপিবিএন’র প্রধান শেখ হিমায়েত হোসেন, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পুলিশ সদর দফতরের এআইজি (সংস্থাপন) আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে পুলিশ সদর দফতরের ডিআইজি (প্রশাসন) ও পুলিশ অফিসার্স মেসের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বালা বক্তব্য রাখেন।