উন্নয়নে চাই ক্ষমতার অপব্যবহার রোধ ও গণতন্ত্র চর্চা

কোন ব্যাংক দুর্নীতির সাথে জড়িত হয়ে আর পার পাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন কেন্দ্রীয় ব্যাংক প্রযুক্তি সেবার মাধ্যমে এক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করছে। শনিবার ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘সামাজিক জবাবদিহিতার চর্চা : অভিজ্ঞতা ও করণীয়’ শীর্ষক দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। ব্যারিস্টার মনজুরুল হাসান-এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও ডিএফআইডির গবর্নেস-এর প্রধান রিচার্ড ব্যাটারওয়ার্থ। উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক শাহীন আনাম। ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশের উন্নয়নে ক্ষমতার অপব্যবহার রোধ করতে হবে। গণতন্ত্র চর্চা করা জরুরি। সমাজিক জবাবদিহিতা করণীয় ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে এর চর্চার উপর জোর দেন তিনি। স্থানীয় সরকারের ক্ষমতায়ন, প্রয়োজনীয় ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডিং এবং কোয়ালিটি সার্ভিস প্রদান করে অবস্থার পরির্বতন করতে হবে। আর সবক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করনের উপর জোর দেন তিনি। রিচার্ড ব্যাটারওয়ার্থ বলেন, সার্ভিস প্রোভাইডারদেরকে আরো বেশি স্বচ্ছ আর জনগণকে অধিকার সম্পর্কে জানতে হবে। তাহলেই তারা অধিকার আদায়ে সচেষ্ট হবেন। শাহিন আনাম বলেন, আমাদের দেশে সামাজিক জবাবদিহিতার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে। তথ্য পাওয়ার অধিকারও সীমাবদ্ধ। এসব সীমাবদ্ধতা দূর করলে দেশে জবাবদিহিতার চর্চা হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে। সম্মেলনে আমেরিকা, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, কম্বোডিয়া, ফিলিপাইন এবং বাংলাদেশ-এই আটটি দেশের ১৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা নিজেদের দেশে সামাজিক জবাবদিহিতার র্চচা, প্রতিবন্ধকতা অভিজ্ঞতা ও করণীয় নিয়ে আলোচনা করেন। আজ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান।