কুমিল্লা কারাগারে ধারণ ক্ষমতার দেড় গুণ বেশি বন্দী
লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০১৩, ২২:৩৭
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমান বন্দির সংখ্যা ধারণক্ষমতার দেড় গুণেরও বেশি। এ কারাগারে বন্দি রাখা যায় ১ হাজার ৬৫১ জন। কিন্তু বাস্তবে রাখা হয়েছে ২ হাজার ৬৮২ জন। এছাড়াও বন্দি মায়ের সাথে রয়েছে ১৩ জন শিশু। ঠাঁই না থাকলেও ঠাসাঠাসি করে বন্দি জীবন কাটাতে হচ্ছে সাজাপ্রাপ্ত কয়েদী ও বিচারাধীন মামলার আসামিদের। কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার হত্যা, ডাকাতি, অপহরণ, নারী নির্যাতন, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের মামলায় আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১ জন মহিলা এবং সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ৬৯৪ জন পুরুষ ও ২৬ জন মহিলাসহ ৭২০ জন আসামি রয়েছে। এছাড়াও বিচারাধীন মামলার আসামি রয়েছে ১ হাজার ৮৬০ জন পুরুষ এবং ৯১ জন মহিলা। এদের মধ্যে ভারতের ১৮ জন ও মিয়ানমারের ৩ জনসহ ২১ জন বিদেশি বন্দি রয়েছে। এসব বিদেশি বন্দির ১১ ভারতীয়র সাজা শেষ হলেও তারা দেশে ফেরত যেতে পারছেন না। এছাড়া সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলায় মহিলা বন্দিদের সাথে ১৩জন শিশুসন্তান রয়েছে। বর্তমানে এই কারাগারে ‘ঠাঁই নেই’ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত কুমিল্লা জেলা কারাগারের যাত্রা শুরু ১৭৯২ সালে। ১৯৬২ সালে কুমিল্লা জেলা কারাগারকে কেন্দ্রীয় কারাগারে উন্নীত করা হয়।