কৃষকদের জন্য বর্তমান বাজেট বাস্তবধর্মী
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুন ২০১৩, ২২:৩৮
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কৃষকদের জন্য বর্তমান বাজেট বাস্তবধর্মী। এটা তাদের জন্য ভর্তুকি বাজেট নয়। এটা হলো কৃষকের বিনিয়োগ বাজেট। এবারের বাজেটে কৃষকদের জন্য অনেক সুযোগ-সুবিধা রাখা হয়েছে। তাদের জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে যখন যা চাই তাই পাই। নালিতাবাড়ী উপজেলার পাবলিক অডিটরিয়ামে গতকাল শনিবার বিভিন্ন মন্ত্রণালয়ের অনুদানের চেক ও পঙ্গু মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি গতকাল এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও মহিলাদের সঙ্গে মতবিনিময় করেন।
কৃষি কাজের জন্য সারের দাম কমানো প্রসঙ্গে তিনি বলেন, ইউরিয়া ছাড়া সব সারের দাম কমানো হয়েছে। কোনো দেশেই এত কম দামে সার পাওয়া যায় না। তিনি আরো বলেন, দেশের মানুষ সবই বুঝেন। বুঝে-শুনেই সিদ্ধান্ত নেন। আর বুঝেন বলেই তারেক জিয়ার হাওয়া ভবন পরিত্যাগ করেছেন।
অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক মো. জাকির হোসেন, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকছেদুর রহমার লেবু, নাজমুল স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, গড়কান্দা আলীম মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।