তিন পার্বত্য জেলায় আজ থেকে ৭২ ঘণ্টা হরতাল ডেকেছে বাঙালিরা

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী প্রস্তাব বাতিলসহ ৬ দফা দাবিতে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে রবিবার থেকে টানা ৭২ ঘণ্টা হরতাল ডেকেছে সমঅধিকার আন্দোলনসহ বাঙালি সংগঠনগুলো। শনিবার বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সমঅধিকার আন্দোলনের নেতারা এ ঘোষণা দেন। এ সময় অন্যদের মধ্যে সমঅধিকার আন্দোলনের নেতা মোহাম্মদ আলম খাঁ, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কামরান ফারুক. বান্দরবান বাঙালি ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক আবদুর রহিমসহ নেতারা বক্তব্য রাখেন। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ির শাপলা চত্বর মুক্তমঞ্চে এক বিশাল সমাবেশ থেকে এ হরতালের প্রতি সমর্থন জানিয়েছে। সংবাদ সম্মেলনে সমঅধিকার নেতৃবৃন্দ জানান, গত ২৭ মে পার্বত্য চট্টগ্রামের বিতর্কিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। সংশোধনী প্রস্তাবের কারণে পাহাড়ে রক্তক্ষয়ী সংঘাত আরো বাড়বে। পাহাড়ি-বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সংশোধনী প্রস্তাব বাতিল করে পাহাড়ি-বাঙালি নেতাদের সমন্বয়ের মাধ্যমে ভূমি বিরোধ নিষ্পত্তি আইন প্রণয়ন করতে হবে। একইভাবে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে তিনজন বাঙালি সদস্যের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় লাগাতার হরতাল, অবরোধসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে বাঙালি সংগঠনগুলো।