রেমিট্যান্স সংগ্রহে গতি ফিরেছে রূপালী ব্যাংকের

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে রূপালী ব্যাংকের মাধ্যমে ৩৪৩ কোটি ৫৭ লাখ টাকা রেমিট্যান্স এসেছে। ২০১২ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছিলো ২৯৪ কোটি ৫৪ লাখ টাকা। সেই হিসেবে রেমিট্যান্স বেড়েছে ৪৯ কোটি টাকা। এ বিষয়ে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন বলেন, গত বছরের ১৫ নভেম্বর পরীক্ষামূলকভাবে রূপালী ব্যাংকের বেশিরভাগ শাখায় ওয়েববেজড রেমিট্যান্স সফটওয়্যার স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে ব্যাংকের ৫ শতাধিক শাখায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতর রেমিট্যান্স সেবা নিশ্চিত করা হয়েছে। ফলে বেড়েছে রেমিটেন্স সংগ্রহের পরিমাণ। অনলাইন সফটওয়্যার চালুসহ বিশ্বের যেসব দেশ থেকে বাংলাদেশে অধিক পরিমাণে রেমিট্যান্স আসছে ওইসব দেশের এক্সচেঞ্জ হাউজের সঙ্গে ইএফটি ড্রয়িং এ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। সেবার মান বাড়ানো হয়েছে। সর্বাধিক রেমিট্যান্স গ্রহীতাদের পুরস্কার দেয়া হচ্ছে।