খানিকটা সুস্থ হয়ে উঠেছেন মান্না দে

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দে গতকাল হঠাত্ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাত্ক্ষণিকভাবে তাকে বেঙ্গালুরুস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৯৪ বছর বয়সী এই শিল্পী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগেও একাধিকবার হঠাত্ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে এবারের অসুস্থতা ছিল আরও গুরুতর। ফুসফুসে সংক্রমণের কারণে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। এক পর্যায়ে মান্না দে প্রায় নিথর হয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে সঙ্গেই কর্তব্যরত ডাক্তার তাকে আইসিইউতে ভর্তি করেন। ডাক্তার জানান, ধীরে ধীরে মান্না দে সুস্থ হয়ে উঠছেন। আর কিছুদিন আইসিইউতে চিকিত্সারত অবস্থায় থাকলে তিনি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবেন। তারপরও এই বয়সে একটু সাবধানে চলাফেরার নির্দেশও দিয়েছেন। যদিও মান্না দে নিয়মিতই চেকাপ করিয়ে থাকেন। তার মেয়ের বরাতে জানা যায়, মান্না দের জন্ম কলকাতায় হলেও জীবনের শেষ সময়টুকু মেয়ের সঙ্গেই ব্যাঙ্গালুরুর কল্যাণনগরেই কাটাতে চান তিনি।