মু খো মু খি

এখানে সবাইকে যোগ্যতা দিয়েই টিকে থাকতে হবে

সম্পা। ‘সুপার হিরো সুপার হিরোইন’ রিয়েলিটি শো দিয়েই ক’বছর আগে মিডিয়াতে অভিষেক হয় তার। এই রিয়েলিটি শোয়ের অধিকাংশই মিডিয়াতে প্রায় নিষ্ক্রিয়। হাতে গোনা ক’জন সরব অবস্থায় কাজ করছেন। এর মধ্যে সম্পা একজন। একাধিক চলচ্চিত্রসহ ধারাবাহিক নাটক ও বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। নিজের সাম্প্রতিক ব্যস্ততা ও মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিন-এর সাথে। সাক্ষাত্কার নিয়েছেন রবি হাসান আপনার বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে বলুন। এই তো গত ৭ তারিখ থেকে ‘ওয়ান ওয়ে রোড’ নামক একটি নতুন চলচ্চিত্রের শুটিং শুরু করেছি। আমার ‘লাভ ইউ প্রিয়া’ ও ‘এক্সকিউজ মি’ ছবি দুটোর ডাবিং শুরু হয়ে গেছে। এই চলচ্চিত্রগুলো নিয়েই একটু ব্যস্ততা যাচ্ছে। এর পাশাপাশি প্রায় ৬টির মতো ধারাবাহিক ও ডেইলিসোপে কাজ করছি নিয়মিত। এই তো... এগুলো করতে করতেই সময় চলে যায়। নতুন করে ইদানীং কোনো বিজ্ঞাপনে কাজ করিনি। ‘মাটির পিঞ্জিরা’ ছবিটির রেসপন্স কেমন পেয়েছেন? খুব ভালো বলব না। তবে মোটামুটি ভালো। বাণিজ্যিকভাবে তেমন কোনো রেসপন্স না পেলেও অনেকেই এর গল্প ও নির্মাণ নিয়ে প্রশংসা করেছেন। আর ওই মুহূর্তটা দেশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। রাজনৈতিক অস্থিরতা চরম আকারে ছিল। এখন তো নতুন অনেক চলচ্চিত্র নির্মাণ শুরু হয়েছে। গড় হিসেবে দেখা যায় চলচ্চিত্রের সংখ্যার সমানই প্রায় নতুন নায়িকার সংখ্যা। আপনিও একজন নতুন চিত্রনায়িকার মতোই। এত নতুনের ভিড়ে প্রতিযোগিতায় এগিয়ে আসা বা টিকে থাকার জন্য কী করছেন? এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য সুখবর যে, অনেক নির্মাতারাই এখন ছবি নির্মাণে নেমেছেন। মাঝে তো ছবি নির্মাণই বন্ধ হয়ে গিয়েছিল। ছবির সংখ্যার মতো নায়িকারও অভিষেক ঘটছে। আসলে প্রতিযোগিতার মধ্যেই কাজ করার মজা। যোগ্যতা দিয়েই টিকে থাকতে হবে। আমি যদি আমার যোগ্যতার প্রমাণ করতে না পারি আমিও ঝরে যাব। চেষ্টা করছি, যেন দর্শকদের কাছে একজন চিত্রনায়িকা হিসেবে গ্রহণযোগ্যতা পাই। আপনি যেই রিয়েলিটি শো দিয়ে মিডিয়াতে এসেছেন, এই শোয়ের অধিকাংশই মিডিয়াতে কাজ করছে না। চলচ্চিত্রভিত্তিক এই শো থেকে আসা প্রতিযোগীরা চলচ্চিত্রেই নেই; এর কারণ কী? আসলে এটা কেন হয়েছে আমার ঠিক জানা নেই। আর এই প্রতিযোগিতাটা তো অন্যান্য শোয়ের মতো নিয়মিতও হয়নি। আমার মনে হয় এখান থেকে যদি দুয়েকজন ক্লিক করে মিডিয়াতে এটাই এই শোয়ের সাফল্য। মিডিয়াতে নিয়মিত কাজ করাটা অনেক কিছুর উপর নির্ভর করে। তারপরও আমরা তো ৪ থেকে ৫ জন নিয়মিতই কাজ করছি। আর আমাদের ক্যারিয়ার তো দুই-তিন বছরের। নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রেও তো আমরা প্রায় সবাই কাজ করছি। তারপরও এই প্রশ্নের উপযুক্ত উত্তরটা ইনশাহআল্লাহ ১০ বছর পর জোর গলায় গর্ব করে দিতে পারব।