মেক্সিকো সীমান্তে আটক শরণার্থী এপ্রিলেও এক লাখ ছাড়িয়েছে

মেক্সিকো থেকে বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় আটককৃত শরণার্থীদের সংখ্যা আগের মাসের মতো এপ্রিল মাসেও এক লাখ ছাড়িয়েছে। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ১ লাখ ৯ হাজার ১৪৪ জনকে আটক বা মেক্সিকোতে ফেরত পাঠানো হয়েছে। মার্চ মাসে এই সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৭১৯ ও ফেব্রুয়ারি মাসে ছিল ৭৬ হাজার ৫৩৪ জন।

মার্কিন সিনেটে সীমান্ত নিরাপত্তা নিয়ে শুনানিতে ইউএস বর্ডার পেট্রোলের প্রধান কার্লা প্রোভোস্ট বলেন, ‘৩০ এপ্রিল পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় সীমান্তে আমরা ৪ লাখ ৬০ হাজার ২৯৪ জনকে আটক রেখেছি।’ তিনি আরো বলেন, ‘ ২০০৯ সাল থেকে পুরো বছরে যে সংখ্যক লোক আটক থাকত, চলতি অর্থবছরের মাত্র সাত মাসেই আটকের সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে।’ প্রোভোস্ট বলেন, সীমান্ত কর্মকর্তারা একই পরিবারের সকল সদস্য ও অভিভাবকহীন বাচ্চাদের ব্যাপক হারে আটক করছেন। এরা মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল। তিনি বলেন, ‘দক্ষিণ সীমান্তে যারা আটক রয়েছেন, তাদের ৬৪ শতাংশ পরিবারের সদস্য ও অভিভাবকহীন শিশু।’ মার্কিন সীমান্ত রক্ষা সংস্থার প্রধান আরো বলেন, ‘এই আটককৃতরা বর্তমানে আমাদের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ।’