ঘূর্ণিঝড়ে বিনষ্ট শত শত হেক্টর জমির বাদাম ক্ষেত

গোপালগঞ্জে শ’ শ’ হেক্টর জমির বাদাম তলিয়ে নষ্ট হচ্ছে। ঘূর্ণিঝড় মহসেন পরবর্তী বেশ কয়েক দিনের বৃষ্টিপাতে বাদাম ক্ষেত তলিয়ে যায়। কৃষক বাধ্য হয়েই ১৫/২০ দিন আগেই ক্ষেত থেকে অপরিপক্ক বাদাম তোলা শুরু করে। অর্ধেক বাদাম এখনো ক্ষেতে রয়ে গেছে। কিন্তু শুক্রবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাতে বাদাম ক্ষেত ফের তলিয়ে যায়। এর ফলে কৃষক বাদাম ঘরে তুলতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ৫ উপজেলায় ৯০৫ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়। এর মধ্যে ৩০ হেক্টর জমির বাদাম নষ্ট হয়েছে বলে কৃষি বিভাগ দাবি করেছে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, শত শত হেক্টর জমির বাদাম নষ্ট হয়ে গেছে। বাদাম নষ্ট হওয়ায় তারা কিভাবে ঋণের টাকা পরিশোধ করবেন এ দুশ্চিন্তায় পড়েছেন। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের ডিডি অসিত কুমার সাহা প্রাথমিক পর্যায়ে ৩০ হেক্টর জমির বাদাম নষ্ট হওয়ার কথা স্বীকার করে বলেন, আমরা তলিয়ে যাওয়া বাদাম আগাম তুলে ফেলার পরামর্শ দিয়েছি। এতে ক্ষতির পরিমাণ কম হবে। তবে এ ব্যাপারে সব তথ্য পাওয়ার পর প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।