হুইল চেয়ার পেলেন দুই প্রতিবন্ধী
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২১:১৬
ফুলবাড়ীয়া উপজেলার সোয়াইতপুর গ্রামের দুই শারীরিক প্রতিবন্ধীকে সোয়াইতপুরের দানশীল ও পোল্টি ব্যবসায়ীরা স্থানীয়ভাবে তৈরি করা দুটি হুইল চেয়ার বিতরণ করেছেন। দানশীলদের দানে দুই প্রতিবন্ধী পেয়েছে নতুন জীবন।
উপজেলার সোয়াইতপুর গ্রামের দুই শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (২৫) ও বাদল মিয়া (২০) রোদ বৃষ্টি ঝড়ে গড়িয়ে গড়িয়ে ভিক্ষা করে। দুই পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে অক্ষম দুই ভিক্ষুকের জীবন সংগ্রামে ব্যথিত হয়ে এলাকার দানশীল ও পোল্টি ব্যবসায়ীরা উদ্যোগ গ্রহণ করে স্থানীয়ভাবে দুটি হুইল চেয়ার ২২ হাজার টাকা খরচ করে তৈরি করে।
শুক্রবার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয় থেকে দানশীলদের উপস্থিতিতে দুটি হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনসর আলী। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা শওকত আলী, ইউনিয়ন আঃ লীগের সাধারণ সম্পাদক আমছর আলী। অনুষ্ঠান পরিচালনা করেন হযরত আলী। রফিকুল ইসলাম জানান, হুইল চেয়ার কেনার সামর্থ্য আমার এ জনমে হত না। হুইল চেয়ার পেয়ে আমি নতুন জীবন পেয়েছি।