লোহাগাড়ায় বাঁধ ভাঙনের আতঙ্কে ২০ হাজার মানুষ
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২১:১৯
লোহাগাড়ার পশ্চিম আমিরাবাদের ডলু খালের বেড়িবাঁধ ভাঙন আতঙ্কে রয়েছে ডলুকুল এলাকার প্রায় ২০ হাজার মানুষ। বর্ষা মৌসুমে ডলু খালের ভাঙনের শিকার হয় এরা। স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর ধরে ভয়াবহ ভাঙনের কবলে পড়ে ওই এলাকার কয়েকশ’ পরিবার গৃহহীন হয়েছে। এলাকায় পানি ঢুকে ক্ষতি হয়েছে ব্যাপক ফসলি জমির। ওই সময়ে ভাঙন এলাকায় নামেমাত্র সংস্কার হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ডলু খালের প্রায় ১০০ হাত বেড়িবাঁধ খালের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ফলে এবারের বর্ষায় এলাকাবাসী রয়েছে উদ্বেগ ও উত্কণ্ঠায়। টানা বর্ষণ হলে বানের পানিতে এলাকার অসংখ্য ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ার আশংকা রয়েছে। এদিকে পার্শ্ববর্তী স্থানের প্রায় ৫০ হাত বিচ্ছিন্ন বেড়িবাঁধ ১শ’ দিনের কর্মসৃজন প্রকল্পের আওতায় মেরামত করা হলেও তা পুনরায় বিধ্বস্ত হতে পারে। স্থায়ী বেড়িবাঁধ না হলে এলাকাবাসী যে কোন সময় বিপদের সম্মুখীন হতে পারে। তাই ভাঙ্গন আতঙ্কে ওই এলাকার আবাল বৃদ্ধ-বণিতা কালযাপন করে যাচ্ছে।
এলাকাবাসী জানান, ডলু খালের ভাঙন রোধে এ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। জনপ্রতিনিধিরা শুধু এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন। তারা এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন।