সুপার কাপের প্রাক্কালে দলগুলোর ভাবনা
ইতিহাস গড়তে চায় শেখ রাসেল
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২১:৫৩
আসন্ন সুপার কাপের শিরোপা জিতে দেশীয় ফুটবলে নতুন ইতিহাস গড়তে চায় শেখ রাসেল ক্রীড়াচক্র। ইতিমধ্যেই চলতি মৌসুমের তিন শিরোপা জেতা ক্লাবটির অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য এ অভিপ্রায়ের কথা জানান। সুপার কাপের তৃতীয় আসর ১৪ জুন থেকে মাঠে গড়াবে। গতকাল রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে টুর্নামেন্টটির প্রাক্কালে টুর্নামেন্টটিকে ঘিরে নিজেদের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন শেখ রাসেলের অধিনায়ক ও কোচ মারুফুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন পেশাদার লিগ কমিটির কো-চেয়ারম্যান আব্দুর রহীম ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। কোচ মারুফুল হক তার দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তারপরও বিদেশি খেলোয়াড়ের অভাবটা অনুভব করছেন তিনি। কেননা পেশাদার লিগে এবং দুটি টুর্নামেন্টে শেখ রাসেলের আক্রমণভাগ ও রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিদেশিরা। অথচ এবারের সুপার কাপে সব দলকেই খেলতে হবে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে। এর মধ্যেই চলতি মৌসুমের সফল দল শেখ রাসেলের বেশ কয়েকজন অভিজ্ঞ খেলায়াড় পড়েছেন ইনজুরিতে। সঙ্গত কারণে দুশ্চিন্তায় আছেন শেখ রাসেলের কোচ। এটা পরিষ্কার হয় তার কথায়। তিনি বলেন, ‘আমরা তিনটি শিরোপা জয় করেছি। সেই সাথে সুপার কাপের জন্যও আমরা প্রস্তুত ছিলাম। এ টুর্নামেন্টে অনেক কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রথম খেলায় আমরা কিছুটা সমস্যায় পড়তে পারি। এর কারণ হলো বেশ কিছু খেলোয়াড় ইনজুরিতে আছে (জাহিদ হোসেন, মামুন, মিঠুন) এবং পারিবারিক সমস্যায় রয়েছেন জাহিদ হাসান এমিলি।’
কোচ জানান, রক্ষণভাগে বিদেশিদের জায়গায় উত্তম, আনোয়ার ও মিঠুনকে খেলাবেন। অধিনায়ক বিপ্লব বলেন, ‘আমরা পরপর তিনটি শিরোপা জয় করেছি। এবারই প্রথম কোন সুপার কাপে খেলছে না ফরেন খেলোয়ড়রা। এবার দেশি খেলোয়াড়দের নিয়ে আটটি দল খেলবে সুপার কাপ। এখান থেকেই যারা ভালো রেজাল্ট করবে তারাই জাতীয় দলের সাথে সম্পৃক্ত হতে পারবে এবং ভালো মানের খেলোয়াড় বের হয়ে আসবে।’
এ টুর্নামেন্টে শেখ রাসেলে যোগ হচ্ছেন পাঁচজন নতুন খেলোয়াড়। এরা হলেন চট্টগ্রাম আবাহনীর শওকত, আরামবাগের সবুজ, রহমতগঞ্জের ইমন, মহাখালী একাদশের সাব্বির এবং ভিক্টোরিয়ার রাব্বি।
তরুণদের পরখ করবে ফেনী সকার
চলতি মৌসুমটা সকার ক্লাবের জন্য ছিল পেশাদার লিগে টিকে থাকার। আপাতত সেটিতে সফল হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকার বাইরের একমাত্র দলটি আসন্ন সুপার কাপে শিরোপা নয় বড় ক্লাবগুলোর মাঝে নিজেদের জ্বলে ওঠার জন্যই খেলবে। সকার ক্লাবের যুগ্ম-সম্পাদক সাখাওয়াত হোসেন ভুঁইয়া শাহীন গতকাল বাফুফে ভবনে জানান, সেজন্য দলটি বড় ক্লাবগুলোর সাথে লড়াই চালানোর চেষ্টা চালাবে। সকার ক্লাবে এবার ৩০ জন খেলোয়াড়ের মধ্যে ১৫ জনই হলেন নতুন মুখ। এদের অধিকাংশ সময় থাকতে হয়েছে রিজার্ভ বেঞ্চে। তাই দলের কর্মকর্তারা ঠিক করেছেন নতুনদের নিয়েই লড়বেন। সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা ঢাকার বাইরের একটি দল। অনেক সময় অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত হই। এবার দলটি গড়েছি ভিন্ন আকারে। দলের অনেক সদস্য একেবারেই নতুন। আমরা আশাকরি তারা কিছু একটা করে দেখাবে সুপার কাপে।’