স্প্যানিশ গায়কের ‘নেইমার প্রীতি’
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২১:৫৫
নেইমার বার্সেলোনায় এসেছেন সেটা পুরনো খবর। তবে যে বিমানে চড়ে তিনি ব্রাজিল থেকে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন সেটার মালিক যে স্পেনের বিখ্যাত গায়ক-গীতিকার জুলিও ইগলেসিয়াস সেটা জানা গেলো এতদিনে। পাঠক ভাবতে পারেন তাতে সমস্যা কি? সমস্যা হচ্ছে এই ইগলেসিয়াস বহু দিন ধরেই রিয়াল মাদ্রিদের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। শুধু তাই নয়, রিয়ালের যুবদলে গোলরক্ষকের দায়িত্বও পালন করেছেন তিনি।
সুতরাং, বিখ্যাত এই ল্যাটিন শিল্পীকে রিয়াল সমর্থকরা ঘরের শত্রু বিভীষণ ভাবতেই পারেন। তবে সত্যিকার ক্রীড়ানুরাগীর চোখ দিয়ে দেখলে, ইগলেসিয়াস সবার প্রশংসাই পাবেন। কারণ, একজন সত্যিকার ফুটবল সমর্থকই কেবল দল-মত ঊর্ধ্বে একজন ফুটবলারকে ভালবাসতে পারেন। সনি এন্টারটেইনমেন্টের তথ্যানুযায়ী, সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত ল্যাটিন গানের শিল্পী আবারো প্রমাণ করলেন ভালবাসা আর শ্রদ্ধাবোধ থাকলে বহু বছরের শত্রুতাও পেছনে ফেলা যায়।
সর্বাধুনিক প্রযুক্তির গালফস্ট্রিম জি ৫৫০ নামের এই বিমানটি পেয়ে লাভই হয়েছে ব্রাজিল সুপারস্টারের। কারণ, বার্সেলোনার হয়ে আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে একই বিমানে ঐদিনই ব্রাজিলে ফিরতে পেরেছেন তিনি। জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রীতিম্যাচটিও খেলতে পেরেছেন।