ক্ষমা চাইলেন বালোতেল্লি!

তার ‘ব্যাড বয়’ ভাবমূর্তির সাথে আর যাই হোক ক্ষমা চাওয়া ব্যাপারটা একদমই মানায় না। অথচ এই কাজটিই করলেন ইতালিয়ান ফুটবল তারকা মারিও বালোতেল্লি। বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রের সাথে গোলশূন্য ড্র করে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। আর এই ম্যাচেই লাল কার্ড দেখেন এসি মিলানের ২২ বছর বয়সী খেলোয়াড় বালোতেল্লি। তবে ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্ষমা চাইলেন তিনি, ‘গতকাল আমার প্রতিক্রিয়া মোটেই সঠিক ছিল না। আমি তাই দলের প্রতি দুঃখ প্রকাশ করছি। আমার এখনও শেখার অনেক কিছু বাকি।’ ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে কোচের সাথে হাতাহাতি করে সেই ক্লাব ছাড়ার পর বালোতেল্লির ঠিকানা এখন এসি মিলান। আর সিরিএতে ১৩ ম্যাচে ১২ গোলই প্রমাণ করে বেশ সুসময়ের মধ্য দিয়েই যাচ্ছেন তিনি। এবার লাল কার্ড দেখার পর ক্ষমা চেয়ে বুঝিয়ে দিলেন তার স্বভাবটাও ধীরে ধীরে বদলাতে শুরু করেছে।