গাজীপুর সিটি নির্বাচন
মনোনয়নপত্র বাছাই: মেয়র পদে ৭ জনের বৈধ, স্থগিত ২
মুজিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২২:১০
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। বাছাই শেষে সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম ও সচেতন নাগরিক পরিষদের নেতা ডা. নাজিম উদ্দিন আহমেদ ছাড়া বাকি ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার শহরের বঙ্গতাজ মিলনায়তনে নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ মতিয়ার রহমান মনোনয়নপত্র বাছাই করেন।এদিন ৯ জন মেয়র প্রার্থী, সংক্ষিত ১৯টি মহিলা ওয়ার্ডের ১৩০জন ও ৫৭টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়। বাছাইকালে ওই দুইজন মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের দুইজন মহিলা প্রার্থীর মনোনয়ন বাতিল ও দুইজনের স্থগিত করা হয়েছে। এছাড়া সাধারণ ওয়ার্ডের ২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। আজ সোমবার বাকি সাধারণ ওয়ার্ডের কাউন্সিল প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে।
গতকাল মেয়র পদে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন-আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক এমএ মান্নান, জাতীয় পার্টির সমর্থিত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসান, সম্মিলিত ইসলামী ফোরামের নেতা মো. ফজলুর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা আহ্বায়ক মেজবাহ উদ্দিন সরকার রুবেল, স্বতন্ত্র প্রার্থী মোঃ আমান উল্লাহ ও রীনা সুলতানা।