পানির চাহিদা দিনে ২২০ কোটি লিটারেরও বেশি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, রাজধানীতে দিনে পানির চাহিদা হচ্ছে ২২০ কোটি লিটারেরও বেশি। অপরদিকে দেশের উপকূলীয় চারটি জেলা পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও বাগেরহাটে ৩৬টি সাইক্লোন সেল্টার নির্মাণ করা হয়েছে। দু’দিন বিরতির পর গতকাল রবিবার বিকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী সংসদকে এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়। বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানীতে দিনে পানির চাহিদা হচ্ছে ২২০ থেকে ২২৫ কোটি লিটার। সাধনা হালদারের প্রশ্নের জবাবে তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের আওতায় জাইকার অর্থায়নে উপকূলীয় এলাকার পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও বাগেরহাটে ৩৬টি সাইক্লোন সেল্টার নির্মাণ করা হয়েছে। এছাড়া বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় জরুরি ২০০৭ ঘূর্ণিঝড় ও পুনরুদ্ধার প্রকল্পের আওতায় উপকূলের নয়টি জেলায় ৬৪২ কোটি টাকায় ২২৬টি সাইক্লোন সেল্টার নির্মাণাধীন রয়েছে। বেগম নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম জানান, দেশের গ্রাম পুলিশদের সরকারি কর্মচারির সমমর্যাদায় বেতন-ভাতা প্রদানের পরিকল্পনা রয়েছে। বেগম ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ‘নদী ও খাল উদ্ধার বিষয়ক জাতীয় টাস্কফোর্স’ ও ঢাকা ওয়াসা ঢাকা জেলা প্রশাসকের সহযোগিতায় নগরীর ২৬টি খালের বিভিন্ন স্থানে অবৈধ দখল উচ্ছেদ কাজ সম্পন্ন করেছে। বর্তমানে এই খালগুলোতে পানির প্রবাহ সচল আছে। ইতিমধ্যে ঢাকা ওয়াসা ঢাকা মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প থেকে নয়টি এবং বিশ্বব্যাংক প্রকল্প থেকে আটটি খালের উন্নয়ন কাজ করা হয়েছে ও হচ্ছে। আলহাজ্ব অ্যাডভোকেট মো. রহমত আলীর প্রশ্নের জবাবে তিনি জানান, গত বছরের ৩০ মে পর্যন্ত হিসাবে দেশের সাতটি বিভাগে ৪৮৬টি সমবায় বাজার চালু রয়েছে। মো. আবদুল মালেকের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে মোট জনসংখ্যা প্রায় ১৬ কোটি। সাধনা হালদারের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ৫ মে রাজধানীতে হেফাজতে ইসলাম বিজয়নগর, পল্টন, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। বিভিন্ন ধরনের বড়, মাঝারি ও ছোট এক হাজার ২৫৫টি গাছ, তিন হাজার মিটার ফুটপাত, দুই হাজার ৮০০ মিটার কার্বস্টোন, এক হাজার ৫৫ বর্গমিটার গ্রীল, দুই হাজার ৪৩৯ বর্গমিটার কাঁটা তারের বেড়া, তিন হাজার ৫৪০ বর্গমিটার রাস্তা, আটটি ট্রাফিক সিগন্যাল, বৈদ্যুতিক স্থাপনা (পোল, ফিটিংস, লাইট, সুইচ, ব্যাটারি, তার, পাইপ ইত্যাদি)।