মাহমুদ হোসেন সিভিল এভিয়েশন ফোরামের চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২২:১৫
আটটি উন্নয়নশীল দেশের (বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক) সিভিল এভিয়েশন ফোরামের দু’দিনব্যাপী সম্মেলন সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে আটটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন আগামী ১ বছরের জন্য আটটি দেশের সিভিল এভিয়েশন ফোরামের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে নাইজেরিয়ার জইস ড্যানিয়েল কেমাকোলাম ডি-এইচ সিভিল এভিয়েশন ফোরামের চেয়ারম্যান ছিলেন। সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে সদস্য রাষ্ট্রগুলো কারিগরি সহযোগিতাকে প্রাধান্য দিয়ে নিম্নোক্ত বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে একমত পোষণ করে : সিভিল এভিয়েশনের অবকাঠামোগত উন্নয়ন, এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের প্রশিক্ষণ, ফ্লাইট ক্রু এবং বিমান রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের প্রশিক্ষণ প্রদান, এভিয়েশন সেফটি ইন্সপেক্টরদের প্রশিক্ষণ এবং প্রযুক্তি বিনিময়। -প্রেস বিজ্ঞপ্তি