দিনাজপুরে ১৬ ঝুঁকিপূর্ণ ভবনের ব্যবহার চলছেই

দিনাজপুর পৌরসভায় নগর স্থাপত্য স্থিতিশীলতা পর্যবেক্ষণ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির চিহ্নিত করা ১৬টি ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক ভবন এখনো ব্যবহার করা হচ্ছে। পর্যবেক্ষণ কমিটি ১৫ দিনের মধ্যে ভবনগুলো ভেঙে ফেলতে সতর্কতামূলক চিঠি দিলেও ভবন মালিকরা এসবের তোয়াক্কা করছে না। সংশ্লিষ্টরা মনে করেন, আরেকবার ভবন ভাঙার নোটিস দেয়া হলে ভবন মালিকরা সচেতন হয়ে কমিটির দেয়া সিদ্ধান্ত পালনে বাধ্য হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকার সাভারে গত এপ্রিল মাসে ভবন ধসে ১১৩০ জন মানুষ নিহত হওয়ার ঘটনায় স্থাপত্য স্থিতিশীলতা পর্যবেক্ষণ সংক্রান্ত জাতীয় বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। এই কমিটির নির্দেশনা অনুযায়ী দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশে গত ৫ এপ্রিল গঠন করা হয় ‘দিনাজপুর পৌরসভার নগর স্থাপত্য স্থিতিশীলতা পর্যবেক্ষণ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি’। ঐদিনই কমিটির সদস্যরা দিনাজপুর পৌর শহরের কিছু এলাকা পরিদর্শন করে প্রাথমিক পর্যায়ে ১৬টি বাণিজ্যিক ও আবাসিক ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে। এরপর কমিটি ভবনগুলোকে পরিত্যক্ত ঘোষণা করে ভবন মালিকদের চিঠি দেয়। চিঠিতে ভবনগুলো ভেঙে ফেলতে ১৫ দিনের সময় দিয়ে একটি বিশেষ সতর্কতা দেয়া হয়। দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, কমিটি প্রাথমিক তালিকাভুক্ত হিসাবে শহরের ১৬টি ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক ভবন মালিকদের চিঠি দিলেও তারা এখনো কোন পদক্ষেপ নেয়নি । এই ঘটনা অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগের বিষয়। অন্যদিকে শহরের প্রধান প্রধান সড়কের পাশে বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হচ্ছে না। ঝুঁকিপূর্ণ এক ভবনের মালিক আব্দুর রহমান বলেন, আর্থিক সংকটের কারণে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলা যাচ্ছে না। কমিটির সদস্যরা জানান, শীঘ্রই জেলায় বাণিজ্যিক ও আবাসিক ভবনসহ নির্মাণাধীন বহুতল ভবনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হবে। এরপর নেয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ।