রাজধানীতে গাড়ি চোর চক্রের ৫ জন আটক ১৫ গাড়ি উদ্ধার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৫টি চোরাই গাড়িসহ গাড়ি চুরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ইসমাইল হোসেন (৩৭) ও হানিফ মৃধা (৩২), ইমরান, এমদাদ ও ইমু। ডিবি’র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, প্রকৃত মালিকের গাড়ির নম্বর ও কাগজপত্র নকল করে চোরাই গাড়ি বিক্রি করছে একটি চক্র। ১০ থেকে ২০/২৫ জনের এ চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চোরাই গাড়ি সার্ভিসিং সেন্টারে নিয়ে ইঞ্জিন নম্বর ও চ্যাসিস নম্বর পরিবর্তন করে প্রকৃত গাড়ির নম্বর লাগিয়ে বিআরটিএ’র কাগজপত্র এনে তা অন্য মালিকের কাছে বিক্রির মাধ্যমে প্রতারণা করে আসছে। গোয়েন্দা পুলিশ এ রকম একটি চক্রের সন্ধান পেয়ে রামপুরা, বনশ্রী, বনানী, উত্তরা ও খিলক্ষেত এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ১৫টি গাড়ি উদ্ধার করেছে। ইসমাইল হোসেন তার দলের অন্য সদস্যদের মাধ্যমে প্রথমে গাড়ির ইঞ্জিন, চেসিস, রেজিস্ট্রেশন নম্বরসহ রং পরিবর্তন করে। পরে বিআরটিএ’র অসাধু কর্মকর্তা ও দালালের মাধ্যমে গাড়ির ফাইল থেকে মালিকের ছবিসহ গাড়ির কাগজপত্র সংগ্রহ করে ঐ গাড়ির অবিকল কাগজপত্র প্রস্তুত করে তার দলের অন্যান্য সদস্যদের মাধ্যমে অন্যত্র বিক্রি করেন। চোরাই গাড়ির কাগজপত্র তৈরিতে বিআরটিএ’র কিছু অসাধু কর্মকর্তা ও দালাল জড়িত রয়েছে।