আদালতের স্থিতাবস্থা সত্ত্বেও চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান সাসপেন্ড

আদালতের স্থিতাবস্থা বহাল থাকা সত্ত্বেও চট্টগ্রামের এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত (সাসপেণ্ড) করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ২ জুন বরখাস্তের আদেশে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব কামরুন নাহার। বরখাস্ত হওয়া সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রমজান আলী এ সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় এর বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। জানা গেছে, রমজান আলীর বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন কারণ দেখিয়ে গত ১৯ ডিসেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেন স্থানীয় কয়েক ইউপি সদস্য। অভিযোগ তদন্তের জন্য জেলা প্রশাসক স্থানীয় টিএনও‘র নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। এদিকে তদন্ত কমিটির কার্যক্রমসহ তার বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেন রমজান আলী। গত ১৬ এপ্রিল শুনানি শেষে আদালত চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য বিবাদি পক্ষকে নির্দেশ দেন এবং একইসাথে এ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করেন।