আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত

আদালত অবমাননার দায়ে তিন নেতাকে সাজা দেয়ায় আজ সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এই হরতালের ডাক দেন। এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের উদ্দেশ্যই হলো জামায়াত নেতৃবৃন্দকে যেনতেন উপায়ে শাস্তি দিয়ে জামায়াতকে সমূলে উত্পাটন করা। ট্রাইব্যুনালের সাজার আদেশে জামায়াত নেতৃবৃন্দ ‘ন্যায় বিচার থেকে বঞ্চিত’ হয়েছেন। তাই দেশব্যাপী গণগ্রেফতার, গণনির্যাতন বন্ধ, গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, কোয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবিতে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধা হরতাল কর্মসূচি ঘোষণা করছি। তবে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল মহানগরীকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। উল্লেখ্য, বিচারাধীন বিষয়ে বক্তব্য দেয়ায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সাংসদ হামিদুর রহমান আযাদকে তিন মাসের কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ সপ্তাহের কারাদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। আর জামায়াতের ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিনকে এক দিনের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা; অনাদায়ে এক সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন বিচারক।