নিয়োগ-নীতিমালা না হওয়া পর্যন্ত হাইকোর্টে বিচারক নিয়োগ বন্ধ রাখুন

হাইকোর্টে বিচারক নিয়োগের নীতিমালা না করা পর্যন্ত বিচারক নিয়োগ বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, দক্ষতা, সততা এবং শিক্ষাগত যোগ্যতা বিবেচনা না করে শুধুমাত্র ক্ষমতাসীন দলের সংগে সম্পৃক্ততা রয়েছে এই বিবেচনায় হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগ করা হচ্ছে। বর্তমান সরকারের সময় ইতোমধ্যে অর্ধশতাধিক বিচারক নিয়োগ দেয়া হয়েছে এবং আরও বিচারক নিয়োগের কথা শোনা যাচ্ছে। গতকাল রবিবার বার কাউন্সিল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় বার কাউন্সিল সদস্য এডভোকেট গোলাম মোস্তফা খান উপস্থিত ছিলেন। খন্দকার মাহবুব বলেছেন, বার বার দাবি জানানোর পরও আজ পর্যন্ত উচ্চ আদালতে বিচারক নিয়োগে কোনো নীতিমালা করা হয়নি। এ কারণে বিচারক নিয়োগে প্রতিবারই বিতর্ক উঠছে। বিচার বিভাগের প্রতি আস্থা ফিরিয়ে আনতে নীতিমালা করা দরকার। তিনি বলেন, অভিজ্ঞতা, দক্ষতা, সততা ও শিক্ষাগত যোগ্যতা বিবেচনা না করেই শুধুমাত্র ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ততা বিবেচনা করে বিচারক নিয়োগ করা হয়। ২০০৮ সালে সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশ নামে একটি বিধান করা হয়। সেখানে বিচারক নিয়োগের একটি নীতিমালা ছিল। কিন্তু এটা ত্রুটিপূর্ণ হওয়ায় হাইকোর্ট তা বাতিল ও অকার্যকর বলে রায় দেন। তিনি বলেন, বর্তমান সরকার বিচারক নিয়োগের জন্য নীতিমালা করার ঘোষণা দিলেও আজ পর্যন্ত তা করেনি। এজন্য বার বার বিচারক নিয়োগে দেখা দেয় বিতর্ক।