ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত

রাজধানীর রমনা থানাধীন সড়ক ভবনের সামনের রাস্তায় ডিবি পুলিশের সঙ্গে ছিনতাইকারীর বন্দুকযুদ্ধে রাজু (৩২) নামের এক ছিনতাইকারী নিহত হয়েছে। শনিবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে বলে ডিবির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ছিনতাইকারীর অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে ডিবি সূত্র জানায়। সূত্র জানায়, ঘটনাস্থল থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহূত সাদা রংয়ের একটি প্রাইভেটকার, একটি পিস্তল, একটি চাপাতি ও চারটি নম্বর প্লেট উদ্ধার করা হয়েছে। ডিবির সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, ছিনতাইয়ের প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদ পেয়ে সড়ক ভবনের সামনে থেকে ছিনতাইকারী দলকে ধাওয়া করা হয়। এসময় তারা পালানোর চেষ্টা করলে ওয়্যারলেসে কাকরাইল মোড়ের ডিবির অপর একটি টিম এবং আশেপাশের থানা পুলিশের দুটি টিমকে সংকেত দেয়া হয়। অবস্থা বেগতিক দেখে প্রাইভেটকার থেকে ছিনতাইকারীরা গুলি ছুঁড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়। বাকি দুই জন পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ডিবির উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গত মাসে মোহাম্মদপুর এলাকা থেকে রাজু ডিবিএল গ্রুপের টয়োটা এলিয়েন প্রাইভেট কারটি ছিনতাই করে।