শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কামরানের বিকল্প নেই

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন শান্তি ও সম্প্রীতির সিলেট নগরী গড়তে বদরউদ্দিন আহমদ কামরানের বিকল্প নেই। তিনি বলেন, সুন্দর কথা বলে ধোঁকা দিয়ে সিলেটবাসীকে ভুলিয়ে রাখা যাবে না। কারণ এ জনপদের মানুষের ইতিহাস আছে। আছে ঐতিহ্য। তারা সব সময় সন্ত্রাস আর নৈরাজ্যের পথ পরিহার করে থাকেন। কিন্তু মাঝে-মধ্যে দুষ্ট প্রকৃতির লোকেরা সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলার অপচেষ্টা চালায়। সিলেটের মানুষ এসব কুচক্রী মহলকে চেনেন। তারা বার বার এ মহলকে দাঁত ভাঙ্গা জবাবও দিয়ে থাকেন। এবারও তারা দাঁত ভাঙ্গা জবাব দিতে বদ্ধপরিকর। গতকাল রবিবার রাতে তিনি সিলেট নগরীর সোবহানীঘাট, চৌকিদেখি এলাকাসহ বিভিন্নস্থানে ১৪ দলের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। হাজী আব্দুল মতিনের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজীত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সেক্রেটারী শফিক চৌধুরী এমপি, সৈয়দা জেবুন্নেসা হক এমপি, মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান, সুনামগঞ্জ পৌরসভা চেয়ারম্যন আয়ুব বখত জগলু, সিলেট সদর উপজেলা চেয়ারম্যন আশফাক আহমদ প্রমুখ।