রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিম্নগতিতে আর্থিক খাত ঝুঁকিতে

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের নন-পারফর্মিং ঋণ বেড়ে গড়ে ২৪ শতাংশে পৌঁছেছে। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে তিনটি ব্যাংক ঝুঁকিভিত্তিক সম্পদ সংরক্ষণে ব্যর্থ হয়েছে। ব্যাংকগুলোর এ খারাপ অবস্থার কারণে দেশের রাজস্ব ও আর্থিক খাত ঝুঁকিতে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তাই এ ব্যাংকগুলোতে পুনঃঅর্থায়ন ও কঠোর তদারকি প্রয়োজন। বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক মূল্যায়ন করতে গিয়ে এমন মন্তব্য করেছে সংস্থাটি। বর্ধিত ঋণ সুবিধার (ইসিএফ) আওতায় বাংলাদেশের অর্থনীতি নিয়ে সমপ্রতি এ পর্যালোচনাটি প্রকাশ করা হয়। জানা গেছে, আইএমএফকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী চার ব্যাংকের সার্বিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করার কথা রয়েছে। যেখানে ব্যাংকের সম্পদ মান, তারল্য ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তা থেকে প্রাপ্ত তথ্য সেপ্টেম্বরের সমঝোতা স্মারকে প্রতিফলিত হবে। এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর উন্নয়নে চার ব্যাংককে জিডিপির দেড় শতাংশ পুনরায় মূলধন হিসেবে বরাদ্দ দেয়ার প্রস্তাব করেছে আইএমএফ। এক্ষেত্রে চার ব্যাংকের আর্থিক কার্যক্রম উন্নত করতে সমঝোতা স্মারক কঠোরভাবে মেনে চলা ও ঋণ বিতরণে সামগ্রিক বিচক্ষণতাসহ মন্দ ঋণ আদায়ে আগ্রাসী হওয়ার পরামর্শও দিয়েছে সংস্থাটি।