সংবাদকর্মীদের নতুন বেতন কাঠামো এ মাসেই

গতকাল রবিবার সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের (ডিইউজে) নেতাদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আজ-কালের মধ্যে সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। প্রথা অনুযায়ী জুন মাসের মধ্যেই ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে। সরকারি সুবিধা নিয়েও যারা ওয়েজ বোর্ড বাস্তবায়ন করছে না তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, যারা সরকারি সুবিধা নিয়েও ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেনি তাদের কৈফিয়ত চাওয়া হবে এবং প্রয়োজনে সরকারি সুযোগ-সুবিধা বন্ধ করে দেব। গত ১৮ জুন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হককে চেয়ারম্যান করে এই ওয়েজ বোর্ড গঠন করে সরকার। এ বোর্ডকে ছয় মাসের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার লক্ষ্যে সুপারিশ দিতে বলা হয়। এরপর অক্টোবর মাসে ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতার ঘোষণা, যা ২০১২ সালের ১ জুলাই থেকে কার্যকর করতে বলা হয়। আগস্টের মধ্যে জাতীয় সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করা হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য নীতিমালাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া অনলাইন সংবাদপত্রের জন্যও আলাদা নীতিমালা করা হচ্ছে। ডিইউজের একাংশের সভাপতি ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে সংগঠনের নেতারা মন্ত্রীর সঙ্গে বৈঠকে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।