বাংলাদেশ রাশিয়া প্রথম মৈত্রী অভিযান
ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস অভিযানে যাচ্ছেন মুসা ইব্রাহীম
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২৩:০৫
ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস অভিযানে যাচ্ছেন বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী পর্বতারোহী মুসা ইব্রাহীম। রাশিয়া-বাংলাদেশ মৈত্রী পর্বত অভিযানের অংশ হিসাবে এ অভিযানে যাচ্ছেন তিনি। তার নেতৃত্বে এ অভিযানে আরো যাচ্ছেন নিয়াজ পাটওয়ারী এবং সিফাত ফাহামিদা নওশিন। এ মৈত্রী অভিযানে রাশিয়ার তিনজন পর্বতারোহী যুক্ত হবেন।
গতকাল রবিবার ধানমন্ডির রুশ সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত ‘ফার্স্ট বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ এক্সপেডিশন টু মাউন্ট এলব্রুস’-এর ‘ফ্ল্যাগ অফ’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান, বিশেষ অতিথি রুশ দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের ফার্স্ট সেক্রেটারি আলেক্সান্ডার পি. ডেমিন ও প্রটোকল অফিসার আর্টুর জাকায়েভ। তারা এ অভিযানের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের নতুন দিগন্ত উন্মুক্ত হলো বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে এলব্রুস পর্বতে মৈত্রী অভিযানের পর্বত অভিযাত্রীদের হাতে বাংলাদেশ ও রাশিয়ার পতাকা তুলে দেন মন্ত্রী ফারুক খান, আলেক্সান্ডার পি. ডেমিন ও আর্টুর জাকায়েভ ।
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুসে এই ‘ফার্স্ট বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ’ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী ১১ জুন অভিযাত্রী দল রাশিয়ার মস্কোর উদ্দেশ্যে রওয়ানা দেবেন। রাশিয়ার কাবারডিনো বালকারিয়া রিপাবলিকে অভিযাত্রী দল পৌঁছালে সেখান থেকে শুরু হবে মূল অভিযান। রাশিয়ার কাবারডিনো বালকারিয়া রিপাবলিকের ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশের অভিযাত্রীদের মাউন্ট এলব্রুস পর্বতারোহণের ব্যাপারে সহযোগিতা করছে। পাদদেশ থেকে নর্থ রুট ধরে মাউন্ট এলব্রুস জয় করতে ১০ থেকে ১২ দিন প্রয়োজন। অনুষ্ঠানে মুসা ইব্রাহীম বলেন, রাশিয়ার এলব্রুস পর্বতাভিযানের পাশাপাশি বাংলাদেশের পর্যটন দূত হিসাবে দায়িত্ব পালন করবো।
এ অভিযানে পৃষ্ঠপোষকতা করছে সামিট গ্রুপ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও আব্দুল মোনেম লিমিটেড। টিম বাংলাদেশ ফাউন্ডেশনের আওতায় এই অভিযান আয়োজন করছে এভারেস্ট একাডেমী ও নর্থ অলপাইন ক্লাব বাংলাদেশ। মাউন্ট এলব্রুস (উচ্চতা ১৮,৫১০ ফুট) ইউরোপের সর্বোচ্চ পর্বত। বিশ্বের সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বত চূড়া জয়ের যে অভিযান, সেই সেভেন সামিট -এর দিকে মুসা ইব্রাহীমের এটি চতুর্থ অভিযান।