লালমনিরহাটে ট্রেন-ট্রাক মুখোমুখি সংঘর্ষ ৭ জন আহত
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২৩:০৬
লালমনিরহাট জেলার কাকিনা রেলওয়ে স্টেশনের কাছে গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় কাকিনা রেলক্রসিং-এ বুড়িমারী থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী কমিউটার ট্রেনের সাথে একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ৭ জন আহত হয়। ফলে ৬ ঘণ্টা লালমনিরহাট-বুড়িমারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কাকিনা রেলওয়ে স্টেশন মাস্টার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেন দুপুর ১২-৩০ মিনিটে কাকিনা রেলস্টেশনের কাছে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা রেলওয়ে ক্রসিং-এ পৌঁছে। কাকিনা রেল ক্রসিংয়ের গেটম্যান গেট বন্ধ করে দেয়। এমন সময় তুষভান্ডার থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিং-এর রেলিং ভেঙ্গে রেললাইনে উঠলে ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনে পড়ে। আটকা পড়ে যায় যাত্রীবাহী ট্রেনটি, আটকা পড়ে ২ শতাধিক যাত্রী। ট্রাক ড্রাইভারসহ ৭ জন আহত হয়। রেললাইনে ট্রাকটি দুমড়ে-মুচড়ে পড়ে যাওয়ার কারণে ৭ ঘণ্টা লালমনিরহাট-বুড়িমারী ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। লালমনিরহাট রেলওয়ে কন্ট্রোল রুম থেকে বিকাল ৬টা পর্যন্ত জানা গেছে, ট্রেন যোগাযোগ বন্ধ। রেলওয়ে ট্রাফিক সুপারিনটেন্ডেন্টকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে।