সম্পাদক পরিষদের বিবৃতি
নিউজপ্রিন্ট আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের আহ্বান
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২৩:০৭
জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিউজপ্রিন্টের ওপর অর্থমন্ত্রী আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করায় সম্পাদক পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। গতকাল রবিবার পরিষদের সভাপতি গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, নিউজপ্রিন্টের আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব কার্যকর হলে আগে থেকেই নানা সংকটে থাকা বাংলাদেশের সংবাদপত্রশিল্প আরও বড় ধরনের সংকটে পড়বে। তথ্য জানার জন্য দেশের বেশির ভাগ মানুষ এখনও যেখানে প্রিন্ট মিডিয়ার ওপর নির্ভরশীল, সেখানে বাজেটের উল্লিখিত প্রস্তাবটি অবাধ তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত করতে পারে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় কাম্য হতে পারে না। সংবাদপত্রকে শিল্প হিসেবে স্বীকৃতি দেয়ার কথা বলে সংবাদপত্রের অপরিহার্য কাঁচামাল নিউজপ্রিন্টের ওপর অস্বাভাবিক আমদানি শুল্ক আরোপের প্রস্তাব গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিবৃতিতে আরো বলা হয়, প্রস্তাবিত বাজেটে নিউজপ্রিন্টের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি মুদ্রণশিল্পের জন্য ব্যবহূত প্লেটের আমদানি শুল্কও ৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ৩ শতাংশ আমদানি শুল্কের সঙ্গে ভ্যাট, কর ও বীমা যুক্ত হয়ে বর্তমানে প্রতি টন নিউজপ্রিন্ট আমদানিতে ২৩ শতাংশ শুল্ক দিতে হয়। প্রস্তাবিত ২৫ শতাংশ আমদানি শুল্কের প্রস্তাব কার্যকর হলে ওই শুল্কের পরিমাণ দাঁড়াবে ৫৭ থেকে ৫৮ শতাংশ, যাতে সার্বিকভাবে প্রকাশনা ব্যয় ২৮ শতাংশ বাড়বে। ইতিমধ্যে বিদেশি নিউজপ্রিন্টের আমদানি মূল্যও বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া সাম্প্রতিককালে মুদ্রণ, পরিবহনসহ সব খাতেই সংবাদপত্রের ব্যয় অনেক বেড়ে গেছে।
বিবৃতিতে আরো বলা হয়, সংবাদপত্রসেবীদের জন্য গঠিত অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষিত হলে সংশ্লিষ্টদের বেতন-ভাতাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এ অবস্থায় সংবাদপত্র শিল্পের পক্ষে নিউজপ্রিন্টের বর্ধিত আমদানি ব্যয় নির্বাহ করা কঠিন হবে।
নিউজপ্রিন্টের ওপর আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এই বিবৃতিতে আহ্বান জানানো হয়। একই সাথে সংসদ সদস্যরাও এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।