সেনবাগে মন্দিরের প্রতিমা ভাংচুর

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শ্রী শ্রী দক্ষিণেরশ্বরী কালীবাড়ি মন্দিরে প্রতিমা ভাংচুর, মন্দির তছনছ ও কিছু জিনিসপত্র লুট করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত গভীর রাতে। খবর পেয়ে রবিবার সকালে পুলিশের নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেল ও সেনবাগ থানার ওসিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীপুর ইউনিয়নের গোবিন্দপুর ওয়ার্ডের মেম্বার রনজিত্ চন্দ্র পাল ইত্তেফাককে জানান, দুর্বৃত্তরা মন্দিরের মধ্যে রক্ষিত টাকার দানবক্স, মন্দিরের দরজা, রামঠাকুর ও রাধাকৃঞ্চের প্রতিকৃতি ভাংচুর ও তছনছ এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এব্যাপারে সেনবাগ থানার ওসি এমরান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে বলেন, খবর পেয়ে তিনি নিজেই এবং পুলিশের নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় গোবিন্দপুর শ্রী শ্রী দক্ষিণেরশ্বরী কালীবাড়ি মন্দিরের সেবাকারী দুলাল পাল বাদী হয়ে সেনবাগ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি।