এমপি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা নেই :ইনু
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২৩:০৯
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার বিধান রেখে আইন সংশোধনের কোন পরিকল্পনা সরকারের আপাতত নেই। গতকাল রবিবার বিকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে টেবিলে উপস্থাপন করা প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশন পরিচালনা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে ইনু বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা নির্ধারিত রয়েছে। তাছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদে অযোগ্যতার বিষয় উল্লেখ রয়েছে। ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সর্বশেষ ২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন পরিচালনায় ১০৪ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় হয়েছে। সংবিধান অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকার নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে। তিনি আরও জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত চার হাজার ৪২৩টি ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় অর্থের সংস্থান, আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার সহায়তা করায় এবং নির্বাচনে কোনরূপ হস্তক্ষেপ না করায় নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে।
বেগম তহুরা আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে এবং তথ্য যাচাই সহজ করার লক্ষ্যে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে। নির্বাচন কমিশন পাঁচ বছর মেয়াদে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং টু সার্ভিসেস প্রকল্পের আওতায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে এবং তথ্য যাচাই সহজ করার লক্ষ্যে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম বাস্তবায়ন করছে। এবিএম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নির্বাচন কমিশনের আওতায় কর্মকর্তাদের অনুমোদিত মোট পদসংখ্যা ৮৩৭। এর মধ্যে মোট ৩৮৭ পদ শূন্য রয়েছে।