কে হচ্ছেন বিআইবিএমের ডিজি

মৌখিক পরীক্ষা আজ

রেজাউল হক কৌশিক

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আজ শনিবার আবেদনকারীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) গ্রহণ করে যোগ্য প্রার্থী নির্বাচন করবে ডিজি নিয়োগে গঠিত সার্চ কমিটি। ওই কমিটির সুপারিশক্রমে নিয়োগ দেওয়া হবে বিআইবিএমের ডিজি। এদিকে ওই পদে নিয়োগ পেতে অনেকের নাম শোনা যাচ্ছে।

সূত্রে জানা গেছে, বিআইবিএমের মহাপরিচালক পদে ড. তৌফিক আহমেদ চৌধুরী ২০১০ সালে নিয়োগ পান। চলতি বছরের ৮ জানুয়ারি তার মেয়াদ শেষ হয়। ডিজি নিয়োগের প্রক্রিয়া কয়েকবার পেছানো হয়েছে। সর্বশেষ গত ১০ মার্চ বিআইবিএমের গভর্নিং বোর্ডের সভায় ডিজি নিয়োগ দেওয়ার কথা ছিল। তবে ওই সভায় কাউকে নিয়োগ না দিয়ে যোগ্য প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান এবং সদস্য সচিব বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রেসিডেন্ট ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান। কমিটিতে অগ্রণী ব্যাংকের এমডি, ইসলামী ব্যাংকের এমডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য অনুষদেন ডিন রয়েছেন। ওই সার্চ কমিটি আগ্রহীদের কাছ থেকে আবেদন চেয়ে গত ১৫ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করে। সর্বমোট ৯ জন আবেদন করেন বলে জানা গেছে। সার্চ কমিটির সুপারিশের পর ডিজি নিয়োগের চূড়ান্ত ক্ষমতা বিআইবিএমের গভর্নিং বোর্ডের হাতে। ওই বোর্ডের চেয়ারম্যান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

জানা গেছে, মহাপরিচালক পদে নিয়োগ পেতে লবিং চালিয়ে যাচ্ছেন বর্তমানে বিআইবিএমের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবদুর রহিম। এর আগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে পরীক্ষা দিয়ে মেধা তালিকায় তিনি শীর্ষে ছিলেন। কিন্তু তার বিরুদ্ধে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা থেকে নানা অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়। দুদক এ বিষয়ে অনুসন্ধান শুরুও করে। আর দুদক থেকে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি জানানোর পর ডেপুটি গভর্নর নিয়োগের প্যানেলটি বাতিল করা হয়। তার বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা নানা ধরনের অভিযোগ করেছেন। নিজেও বিভিন্ন সময় নানা দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া বিআইবিএমের মহাপরিচালক পদে নিয়োগ পাবার জন্য আলোচনায় রয়েছেন বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা ড. মো. আক্তারুজ্জামান। তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, গবেষণা এবং কেন্দ্রীয় ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।