ঢাকায় ঋতুপর্ণ ঘোষ চলচ্চিত্র উত্সব

এ দেশীয় চলচ্চিত্রপ্রেমীদের কাছেও ঋতুপর্ণ ঘোষ অনন্য এক প্রিয় নাম। তাই তার প্রয়াণে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই সদ্যপ্রয়াত ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ঢাকার গুলশানস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত চারটি ছবি দেখানো হবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতার স্মরণে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। ১৩ জুন থেকে পরবর্তী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ছবিগুলোর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রথমদিন দেখানো হবে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত দ্বিতীয় ছবি ‘ঊনিশে এপ্রিল’। এতে অভিনয় করেছেন অপর্ণা সেন, দেবশ্রী, প্রসেনজিত্ প্রমুখ। ছবিটি ১৯৯৪ সালে মুক্তি পায়। একইদিন আয়োজন করা হয়েছে ঋতুপর্ণ ঘোষ স্মরণে আলোচনা অনুষ্ঠান ‘স্টাইল অব ফিল্ম মেকিং অব ঋতুপর্ণ ঘোষ’। আলোচনা করবেন এফডিসির এমডি পীযূষ বন্দোপাধ্যায়, অভিনেত্রী রোকেয়া প্রাচী, নির্মাতা তানভীর মোকাম্মেল এবং সাংবাদিক আবেদ খান। ২০ জুন দেখানো হবে ‘উত্সব’। অভিনয় করেছেন—ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিত্ প্রমুখ। ২০০০ সালে মুক্তি পাওয়া ছবিটির জন্য সেরা নির্মাতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ঋতুপর্ণ ঘোষ। ২৭ জুন প্রদর্শিত হবে ‘তিতলী’। অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অপর্ণা সেন প্রমুখ এবং ৪ জুলাই দেখানো হবে প্রসেনজিত্, মণিষা কৈরালা অভিনীত ‘খেলা’। সবগুলো চলচ্চিত্রের প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। চলচ্চিত্র প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। এই আয়োজন প্রসঙ্গে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দোপাধ্যায় বলেন, ‘এটা একজন চলচ্চিত্রকার সম্মান জানানোর উদ্যোগ। কারণ তার চলচ্চিত্র এ দেশীয় অগণিত মানুষকে বারবার মুগ্ধ করেছে। তাই এ ধরনের উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই।’