ঢাকা প্রিমিয়ার লিগ
ক্লাবগুলোর প্রস্তাবই মেনে নিলো সিসিডিএম!
প্রকাশ : ১০ জুন ২০১৩, ২১:৫১
ক্লাবগুলোর প্রস্তাবিত গ্রেডিং নিয়ে তীব্র আপত্তি ছিল খেলোয়াড়দের। তারা এর বিপরীতে প্রিমিয়ার লিগ নিলামের জন্য নিজেদের পক্ষ থেকেও একটা প্রস্তাবনা দিয়েছিল ক্রিকেটাররা; কিন্তু সেটা আমলে না নিয়ে ক্লাবগুলোর প্রস্তাবনাই মেনে নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রাপলিশ (সিসিডিএম)! ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসেসিয়েশনের (কোয়াব) গ্রেডিং প্রস্তাবটি মানেনি প্রিমিয়ারের বারোটি ক্লাব। তবে সিসিডিএম চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, মোটামুটি চূড়ান্ত হলেও বোর্ড সভাপতির অনুমোদনের পরই চূড়ান্ত গ্রেডিং প্রকাশ করা হবে।
ক্লাবগুলোর প্রস্তাব অনুযায়ী খেলোয়াড়রা সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন ২০ লাখ টাকা। তবে এ প্লাসের এই গ্রেডের পারিশ্রমিকের অংক দুই লাখ বেড়েছে। অর্থাত্ ক্লাবগুলো এ প্লাস গ্রেডের খেলোয়াড়দের ২২ লাখ টাকা দিতে সম্মত হয়েছে। এছাড়া অন্যান্য গ্রেডের পারিশ্রমিকের অংক একই রকম থাকবে বলে জানান সিসিডিএম চেয়ারম্যান। উল্লেখ্য, ক্লাবগুলোর দেয়া গ্রেডিং অনুযায়ী এ গ্রেডের খেলোয়াড়রা পাবেন ১৫ লাখ টাকা। বি প্লাস, বি, সি, ডি ই গ্রেডের খেলোয়াড়রা যথাক্রমে পাবেন ১০, ৭, ৩, ১ লাখ এবং ৫০ হাজার টাকা। যদিও এ ব্যাপারে কোয়াবের কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল আগেই ঘোষণা দিয়েছিলেন, কোয়াবের দাবি না মানলে ১ জুলাই থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগে অংশ নিবে না তারা।
সিসিডিএম চেয়ারম্যান বলেন, ‘আমরা ক্লাবগুলোর প্রস্তাবগুলো চূড়ান্ত করেছি। এই তালিকা নিয়ে বোর্ড সভাপতির সাথে কথা বলবো। তিনি যেটা ঠিক করে দিবেন সেটাই চূড়ান্ত হবে। এরপরও যদি কোয়াব কিছু করে আমাদের কিছুই করার নেই।’
উল্লেখ্য, কোয়াবের দেয়া প্রস্তাবনা অনুযায়ী প্রতিটি খেলোয়াড়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন ৩০-৩৫ লাখ টাকা। আর সর্বনিম্ন পারিশ্রমিক পাবেন ১ লাখ টাকা।