সিলেটে নির্বাচনী উত্তাপ বাড়ছেই

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এখন চলছে বিরামহীন প্রচার-প্রচারণা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারের মন জয়ে দিনরাত বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। মেয়র পদের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান এবং বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে তাদের নিজ নিজ দল ও জোটের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারাও কোমর বেঁধে মাঠে নেমেছেন। দুই মেয়র প্রার্থীর বক্তব্য-পাল্টা বক্তব্যে নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে। মেয়র প্রার্থী কামরানের নির্বাচনী প্রচারণায় তার দল ও জোটের পাশাপাশি নিজের ব্যক্তিগত ইমেজকে সামনে তুলে ধরা হচ্ছে। গরিব-দুঃখী মানুষের বন্ধু হিসেবে কামরানের যে পরিচিতি রয়েছে সেটাকে তুলে ধরে ভোটের লড়াইয়ে এগিয়ে যেতে চাচ্ছেন কামরান সমর্থকরা। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফুল হক চৌধুরী বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সিলেটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন দাবি করে কামরান সমর্থকরা বলছেন, কামরান বিজয়ী না হলে সিলেট আবার সন্ত্রাসের জনপদে পরিণত হবে। এদিকে আরিফুল হক চৌধুরী তার প্রচারণায় জোর দিচ্ছেন ‘পরিবর্তনের শ্লোগানকে’। আরিফের প্রচারণায় বিগত জোট সরকারের আমলে তত্কালীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম সাইফুর রহমানের মাধ্যমে সিলেটে যে উন্নয়ন হয়েছে তা বড় করে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি আরিফুল হক চৌধুরী গতকাল সোমবার তার নির্বাচনী ইশতেহারও ঘোষণা করেছেন। ১১ দফা ইশতেহারে তিনি নানা প্রতিশ্রুতি ও পরিকল্পনার কথা বলেছেন। সন্ত্রাস আর অপশক্তির বিরুদ্ধে নগরবাসী রায় দেবে ঃ কামরান মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান গতকাল সোমবার নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বলেছেন, মানুষ সন্ত্রাস আর অরাজকতার রাজত্ব চান না। তাই নগরবাসী এবারো সন্ত্রাস আর অপশক্তির বিরুদ্ধে রায় দেবেন। আমার বিশ্বাস উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারো নগরবাসী আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দেবেন। নগরীর ছড়ারপার, কামালগড়, কুয়ারপার, বাগবাড়ী, কানিশাইল ও দক্ষিণ সুরমার গোটাটিকর বিসিক শিল্প এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ইতিমধ্যে নগরীর মাস্টার প্ল্যান প্রণয়ন করেছি। মেয়র নির্বাচিত হলে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করে মডেল নগরী উপহার দেব। গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সিলেট জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন, আওয়ামী লীগ নেতা হেলাল বক্স, মুজিবুর রহমান খান, সিরাজুল ইসলাম আওলাদ, নিজামউদ্দিন, কুনু মিয়া, আফতাব হোসেন, লায়েক আহমদ, জয়নাল মিয়া, মতিউর রহমান, এএসএম জামান কানিক, পাপ্পু মিয়া, হাফিজুর রহমান পংকি, সমসাদ মিয়া প্রমুখ। আরিফের ১১ দফা ইশতেহার মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী গতকাল তার ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। নগরীর জিন্দাবাজারস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক অধ্যাপক আতাউর রহমান পীর আরিফুল হকের পক্ষে ১১ দফার এ ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে ১১ দফার মধ্যে রয়েছে সাইবার সিটি গড়ে তোলা, পানীয় জলের সমস্যার সমাধান, জলাবদ্ধতা দূরীকরণ, যানজট ও পরিবহন সংকট দূরীকরণ, শিক্ষা ও উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগরী গঠন ও প্রবাসী সেবা কেন্দ্র স্থাপন। ইশতেহারে বলা হয়, আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হলে তার কর্মজীবন ও বিদেশ সফরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও নগরবিদদের সমন্বয়ে সিলেট নগরীর জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করবেন। ইশতেহার ঘোষণার সময় আরিফুল হক চৌধুরী ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন, সম্মিলিত নাগরিক জোটের সদস্য সচিব আবুল কাহের শামীম, বিএনপি নেতা দিলদার হোসেন সেলিম, আব্দুল গাফফার, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী প্রমুখ। কামরানকে জাতীয় পার্টির (জেপি) সমর্থন মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানকে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি (জেপি) সিলেট জেলা শাখা। গতকাল বিকালে জেপির এক জরুরি সভায় নির্বাচনে কামরানকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত হয়। জেপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সিলেট জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমনের সভাপতিত্বে ও পার্টির সিলেট সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল করিম আকবরের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব ইউনুস আলী, হাজী শামসুল ইসলাম, আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক সমরাজ আহমদ প্রমুখ। সভায় ইফতেখার আহমদ লিমন আসন্ন নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে বিজয়ী করতে সকলকে এক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সিলেট নগরবাসী শান্তিতে থাকতে চায়। তাই ব্যালটের মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিতে হবে। গরিবের বন্ধু কামরানকে বিজয়ী করতে হবে। ১৫ জুন সিলেটবাসী ভুল করবেন না: নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল সোমবার নগরীর তেলিহাওরে বদর উদ্দিন আহমদ কামরানের প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বলেছেন, ১৫ জুনের নির্বাচনে সিলেটের মানুষ ভুল করবে না। তারা আবারও তাদের প্রিয় নেতা বদর উদ্দিন আহমদ কামরানকে বিজয়ী করবে। তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে নেতা-কর্মীদের উত্সাহ দেয়ার অংশ হিসাবে তিনি সিলেটে এসেছেন। কামরান নাগরিক কমিটির প্রার্থী হলেও তিনি মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির প্রার্থী। নাসিম বলেন, বদর উদ্দিন আহমদ কামরান একজন সজ্জন ব্যক্তি, তার মন শিল্পীর মতো। নাসিম বলেন, স্থানীয় নির্বাচনে ব্যক্তিত্ব একটি বড় ফ্যাক্টর। কামরান কাউন্সিলর থেকে পৌর চেয়ারম্যান এবং মেয়র হয়েছেন। তিনি এই মহানগরীর মানুষের সুখ-দুঃখের সাথী। কামরান তার নিজস্ব গুণাবলীর কারণে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। তিনি নগরীর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতেও কামরানকে মেয়র নির্বাচিত করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জহির চৌধুরী সুফিয়ান, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, ইমরান আহমদ, মাহমুদ উস সামাদ চৌধুরী, অ্যাডভোকেট আবু জাহিদ, মতিউর রহমান ও মোয়াজ্জেম হোসেন রতন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দি প্রমুখ।