নিলয়-শখের সম্পর্কে ফের ফাটল

সম্পর্কের গুঞ্জনটা দু’জনের জন্যই নতুন কিছু নয়। কখনও কখনও তাকে বন্ধুত্ব বলেছেন আবার কখনও কখনও বন্ধুত্বের চেয়ে বেশি কিছু বলেই কাছের মানুষদের কাছে দাবি করেছেন। সেই কাছের মানুষদের সূত্রই বলছে আরও একবার নিলয়কে গুডবাই জানিয়েছেন তরুণ মিডিয়া তারকা শখ। এর আগেও একবার এমনটি ঘটেছিল। সেবারও উদ্যোগী হয়ে শখ নিলয়ের গণ্ডি পেরিয়ে মুক্ত হতে চেয়েছিলেন। তখনকার অভিযোগ ছিল নিলয়ের অসদাচরণ আর নানা ধরনের একগুঁয়েমি। আচরণ সংশোধনের শর্তে দু’জনের আবার একসাথে পথচলা শুরু হয়েছিল। ২০১১ সালের নভেম্বর মাসে জনপ্রিয় এক টেলিকম কোম্পানির একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের জন্য পোশাকের মাপ দিতে গিয়ে পরিচয় দু’জনের। প্রথম বিজ্ঞাপনচিত্রের পর শখ আর নিলয়ের ঘনিষ্ঠতা আরও বেড়ে যায়। তারই ধারাবাহিকতায় একই প্রতিষ্ঠানের অন্যান্য বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি বেশকিছু নাটক আর ফটোশুটে অংশ নেন একসাথে। তাদের সম্পর্ক নতুন মাত্রা পায় ২০১২ সালের মে মাসে সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামের চলচ্চিত্রে একসঙ্গে কাজ করতে গিয়ে। সেই সময় মত প্রকাশ করতে গিয়ে নিলয় বলেছিলেন, ‘নিন্দুকেরা অনেক কথাই বলে। তবে সব কথাই কি সত্যি হয়, বলুন। আমরা দু’জন ভালো বন্ধু। এটা হয়তো অনেকের পছন্দ নয়। তাই তারা আমাদের নিয়ে নানা কথা বলে বেড়াচ্ছে।’ আর শখের ভাষ্য ছিল, ‘একসঙ্গে কাজ করলে একে অপরের মধ্যে ভালো সম্পর্ক হতেই পারে। আমাদের সম্পর্কটাও অনেক ভালো বলতে পারেন। তবে সেটা শুধুই বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ। অন্যকিছু নয়।’ তবে মুখে যাই বলেন না কেন আশপাশের মানুষেরা কিন্তু দু’জনের প্রেমের বিষয়ে ভালোই ওয়াকিবহাল ছিলেন। দু’জনকে জুটি হিসেবে দর্শকরা গ্রহণ করেছিল। কিন্তু মাঝে নিলয়ের কিছু অজানা অধ্যায় আর অসদাচরণে শখ অনেক বেশি আপত্তি তুললে দু’জনের সম্পর্কে ফাটল ধরে। প্রথমে সম্পর্কের ইতিটানা আর আবারও ফিরে যাওয়ার বিষয়ে কাছের মানুষদের কাছে শখ বলেছেন, ‘আমি চেষ্টা করেছি সম্পর্কটাকে শ্রদ্ধা করতে। এ কারণেই আগে একবার নিলয়ের অনুরোধে আমি সম্পর্কটা টিকিয়ে রেখেছিলাম। কিন্তু আসলে ও ঠিক হতে পারেনি। নৈতিকভাবেও বিতর্কিত হয়ে পড়েছে। আমি সবকিছু চুকিয়ে নিজের মতো করে চলছি এখন।’