‘সরকারি দল সমর্থিত প্রার্থী কালো টাকা ছড়াচ্ছেন’

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের সমন্বয়কারী নজরুল ইসলাম মঞ্জু এমপি ১৫ জুনের নির্বাচনকে প্রভাবান্বিত করার চক্রান্ত চলছে উল্লেখ করে বলেছেন, সরকারি দল সমর্থিত প্রার্থীর পক্ষ থেকে ভিন্নভাবে কালো টাকা ছড়ানো হচ্ছে। শাসক দলের নেতারা দলে দলে খুলনায় এসে ভোটারদের মধ্যে ভীতি ও আতঙ্ক তৈরি করছেন। তিনি শনিবার দুপুরে নগরীর হাজী মুহসীন রোডস্থ ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন। প্রেস ব্রিফিংয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের ইতিপূর্বেকার কোন দাবি এখনও বাস্তবায়ন হয়নি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তিনি খুলনার পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর আহবান জানান। তিনি বলেন, প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ এনে ইতিপূর্বে রিটার্নিং অফিসারকে দেয়া অভিযোগের কোন সুরাহা না করায় প্রমাণিত হয়েছে যে, বর্তমান প্রশাসন নিরপেক্ষ নয়।