‘বাজেট ঘাটতির বড় অংশ মিটবে ব্যাংক ঋণে’

আগামী অর্থবছরের বাজেটের ঘাটতির বড় অংশ সংগ্রহ করতে হবে ব্যাংক ব্যবস্থা থেকে। ঘাটতি মেটাতে ২০১৩-১৪ অর্থবছরে ব্যাংকিং খাত থেকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে থেকে ২৫ হাজার ৯৯৩ কোটি টাকা। এছাড়া সংশোধিত বাজেটে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২৮ হাজার ৫০০ কোটি টাকা করা হয়েছে। ঘোষিত বাজেটে এটা ছিলো ২৩ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে ব্যাংক থেকে নিট ১২ হাজার ৪৮৮ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এতে করে সংশোধিত লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও নিট ঋণ মূল বাজেটে ঘোষিত লক্ষ্যমাত্রার মধ্যে থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী বলেছেন, সার্বিকভাবে বাজেট ঘাটতি দাঁড়াবে ৫৫ হাজার ৩২ কোটি টাকা, যা জিডিপি’র চার দশমিক ছয় শতাংশ। জানা গেছে, এ বিশাল অংকের বাজেট ঘাটতি মেটাতে সরকার বৈদেশিক ও দেশীয় উেসর উপর নির্ভর করবে।