টেলিফোনটি কতকাল অচল থাকবে?

আগে বলা হতো টিএ্যান্ডটি টেলিফোন। এখন হলো বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। টিএ্যান্ডটি টেলিফোন সম্পর্কে একদা কত না মানুষের ছিল শুধু অভিযোগ আর অভিযোগ। টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড হলেও অভিযোগ ও অপবাদ কতটুকু দূর করতে পেরেছে তা নিয়েও আছে সন্দেহ। গত ৬ মাস ধরে আমারই ৯০০৪৪৬৪ নাম্বারটি খারাপ হয়ে আছে। লিখিত অভিযোগ জানিয়েছি, কয়েকবার মৌখিক অভিযোগ করেছি, কোনো সুফল পাইনি এ যাবত্। আজও ফোনটি সচল হয়নি। সচল করে না দেওয়ার কারণ বলা হচ্ছে-রাস্তা থেকে টেলিফোনের তার চুরি হয়ে গেছে। তার না থাকার কারণেই সংযোগ বিচ্ছিন্ন ধরে রাখা হয়েছে। অথচ প্রতি মাসে আমাকে ১৮৪ টাকা লাইন চার্জ দিতেই হচ্ছে। কথা হলো, টেলিফোনের তার চুরি হয়, এদিকে ডিস অ্যান্টিনার তার আছে, তাতো চুরি হতে শুনি না। বিষয়টা তাহলে কী দাঁড়ালো। মাসের পর মাস ধরে টেলিফোন লাইন বিচ্ছিন্ন রাখা হবে তারের অভাবে এটা কি ঠিক? একজন গ্রাহক হিসেবে টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের কাছ থেকে আমরা কবেই বা নিরাপত্তা পাবো এটিই এখন দেখার বিষয়। টেলিফোনের তার চুরি হবে না, কীভাবে তার চুরি বন্ধ করার উদ্যোগ নেওয়া যায়- এসব নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদৌ কি ভাবেন? বিষয়টি ভাবুন এবং দয়া করে টেলিফোনটি সচল করে দেবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। লিয়াকত হোসেন খোকন, বাসা ৭, সড়ক ২৭ রূপনগর আবাসিক এলাকা, ঢাকা ১২১৬