গ্যাস-বিদ্যুত্-পানি না থাকায় চালু হচ্ছে না শিল্প-কারখানা

সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে বিসিক শিল্পনগরী গড়ে তোলা হলেও গ্যাস-বিদ্যুত্-পানি সংযোগ না থাকায় শিল্পোদ্যোক্তারা তাদের শিল্প- কারখানা চালু করতে পারছেন না। ফলে তারা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জেলাবাসীর দাবির প্রেক্ষিতে বিসিকের উদ্যোগে ২০০৪-২০০৫ অর্থবছরে নেত্রকোনা রেল ও নদীপথ সংলগ্ন রাজেন্দ্রপুর মৌজায় ১৫ একর জমি অধিগ্রহণ করা হয়। পরে অধিগ্রহণকৃত জমিতে মাটি ভরাট করে রাস্তা ও ড্রেন নির্মাণ করে প্লট বরাদ্দের উপযোগী করে গড়ে তোলা হয়। ২০০৮-২০০৯ অর্থবছর থেকে শিল্প স্থাপনের জন্য জমি বরাদ্দের কাজ শুরু হয়। ইতিমধ্যে আগ্রহী শিল্পোদ্যোক্তার মাঝে ১০৩টি প্ল¬ট বরাদ্দ দেয়া হয়েছে। তার মধ্যে ৭০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে ৩টি শিল্প-কারখানার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আবার অনেকেই অবকাঠামো তৈরি করেও গ্যাস এবং বিদ্যুত্ সংযোগের অভাবে শিল্প-কারখানা স্থাপন করতে পারছেন না। বিসিকের উপ-ব্যবস্থাপক মো. নূরুজ্জামান জানান, অচিরেই গ্যাস-বিদ্যুত্ সমস্যার সমাধান করা হবে।