বেনাপোলে বাস টার্মিনাল না থাকায় বাড়ছে দুর্ভোগ
প্রকাশ : ১০ জুন ২০১৩, ২২:১৪
দেশের সর্ববৃহত্ স্থল বন্দর বেনাপোলে কোন স্থায়ী বাস টার্মিনাল না থাকায় ভারতের সাথে সরাসরি সংযুক্ত একমাত্র সড়কের উপর যত্রতত্র রাখা হচ্ছে যানবাহন। ফলে যেমন বাড়ছে জনদুর্ভোগ প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। বন্দর এলাকায় সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজটও।
স্বাধীনতার ৪২ বছরেও বেনাপোলে গড়ে উঠেনি কোন স্থায়ী বাস টার্মিনাল। একমাত্র প্রধান সড়কের দু’পাশেই পার্কিং করে রাখা হয় দূরপাল্ল¬ার বাস-ট্রাকসহ অন্য যানবাহন। ফলে প্রতিদিন ভয়াবহ যানজটসহ সড়ক দুর্ঘটনা ঘটছে বেনাপোল বন্দরে। সড়কের দু’পাশে বাস রাখাকে কেন্দ্র করে প্রায়ই শ্রমিকদের সাথে গোলযোগ বাধে স্থানীয় ব্যবসায়ীদের। উল্লেখ্য, প্রতিদিন ভারতে যাতায়াতের উদ্দেশ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ হাজার বাস ও ট্রাক আসে বেনাপোলে। অথচ এখানে নেই কোন যাত্রী ছাউনি, টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা। তাছাড়া নিয়ন্ত্রণহীনভাবে চলাফেরা করে এসব যানবাহন। এখানে রয়েছে সরকারি-বেসরকারি কয়েক’শ অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান।
উল্লেখ্য, গত কয়েক বছরে বেনাপোল বন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৩৫ জন ছাত্র-ছাত্রীসহ শতাধিক পথচারী। সরকার প্রতিবছর বেনাপোল বন্দর থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব আয় করলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বেনাপোলে। ২০০৬ সালের ১৬ জুন বেনাপোলকে পৌরসভা ঘোষণা করা হয়। পৌরসভার কার্যক্রম শুরুর পর থেকে বাস টার্মিনাল নির্মাণ না করেই পৌর কর্তৃপক্ষ সড়ক জনপথ বিভাগের সড়কের উপর রাখা বাসগুলো থেকে পৌরকর আদায় শুরু করে ২০০৭ সাল থেকে। সে লক্ষে পৌরসভা এলাকায় যানবাহন প্রবেশ মাত্রই গুণতে হয় পৌরকর। টার্মিনাল নির্মাণ না করেই টার্মিনাল ইজারা আদায় করছে পৌর কর্তৃপক্ষ।