পূর্বধলায় সংঘর্ষ আহত ১০ আটক ৩

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের স্টেশন বাজারে টেম্পো পার্কিং ও প্রতি টেম্পো থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গতকাল সোমবার পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছিল। এ কারণে পুলিশ টহল রয়েছে সেখানে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বধলা-কাপাসিয়া সড়কে চলাচলকারী টেম্পোগুলো উপজেলা সদর বাজারের অদূরে পার্কিং করলেও অধিকাংশ যাত্রী উঠা-নামা করে পূর্বধলা-কাপাসিয়া সড়কের স্টেশন বাজারে। আর ওই টেম্পোর প্রত্যেক চালকদের কাছ থেকে প্রতিদিন বিশটাকা করে চাঁদা আদায় করে সরকার সমর্থক বলে পরিচিত মাইনুল ইসলাম অভি। গত শনিবার স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি ওয়াহেদুজ্জামান বাবলু মেম্বার টেম্পোচালকদের স্টেশন বাজারে টেম্পো পার্কিং করতে নিষেধ করেন। এতে মাইনুল ইসলাম অভি ক্ষিপ্ত হয়ে শনিবার সন্ধ্যায় ওয়াহেদুজ্জামান বাবলু ও তার লোকজনের ওপর হামলা চালায়। পূর্বধলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পরে আবারও রাত নয়টার দিকে মাইনুল ইসলাম অভির লোকজন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে কয়েকজন ব্যবসায়ীর ওপর হামলা চালায়। হামলায় ১০জন আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা চারটি টেম্পোকে পুড়িয়ে দেয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাতেই পুলিশ উপজেলা সদরের নয়াপাড়া গ্রামের খন্দকার মানিক মিয়া (১৭), কামরুজ্জামান জকি (১৭) ও রিপন মিয়াকে (১৮) আটক করে।